কাপাসিয়া থেকে চুরি হওয়া রাধা-কৃষ্ণ ও গোপালের দু’টি মূর্তি গত বৃহস্পতিবার গাজীপুরে উদ্ধার করা হয়েছে। এসময় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো:কাপাসিয়া উপজেলার খোদাদিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রুবেল (২০) ও একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে আক্তার হোসেন (২৫)। জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মো.জাহিদুল ইসলাম জানান, বুধবার রাতে কাপাসিয়ার বানারহাওলা গ্রামের জীবন ভৌমিকের বাড়ির মন্দির থেকে ওই মূর্তি দু’টি চুরি হয়। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় ভাওয়াল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটি কাপাসিয়া থেকে ঢাকা যাচ্ছিল। এসময় আটককৃতদের ব্যাগ তল্লাশি করে মূল্যবান ধাতব মূর্তি দু’টি উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
