ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাতুড়িয়া গ্রামসহ এলাকাবাসীর দাবি, থানার কিছু দালাল এবং অসাধু পুলিশের যোগসাজশে পেন্ডিং মামলায় এলাকার নিরীহ লোককে গণহারে গ্রেফতার করে এ বাণিজ্য করা হচ্ছে। এই পর্যন্ত গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের ৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে গ্রামটি রাতের বেলায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। সর্বশেষ গ্রামের জিয়াউর রহমান ও মোঃ লিটন মিয়াকে ৪দিন পর গত বৃহস্পতিবার ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দিল হরিণাকুণ্ডু থানা পুলিশ। জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে গ্রামের রাস্তায় হাঁটাহাঁটির সময় একটি মাইক্রোবাসে এসে পুলিশ পরিচয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে নিয়ে গেলেও পুলিশ তা স্বীকার করেনি। বৃহস্পতিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, গুড়পাড়া গ্রামের জানার উদ্দীনের ছেলে লিটন এবং বাদল মণ্ডলের ছেলে জিয়াউর রহমানকে রিশখালী গ্রামের ডাকাতি মামলায় গত বুধবার তাদের নিজগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, লিটনের নামে ইতিপূর্বে খুন এবং সন্ত্রাসীসহ থানায় একাধিক মামলা রয়েছে ।
