চিকিত্সক সংকটে বেতাগী হাসপাতাল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
বরগুনার বেতাগী উপজেলা হাসপাতালে গত ছয়দিন ধরে কোন চিকিত্সক নেই। হাসপাতালের তিনজন চিকিত্সকের মধ্যে দু’জন গত শুক্রবার প্রশাসনিক অনুমতি ছাড়া ঢাকায় দু’মাসের প্রশিক্ষণে যান। বাকি একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় হাসপাতালে সময় দিতে পারছেন না। এ কারণে ৫০ শয্যার এই হাসপাতালে চিকিত্সা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এদিকে দ্রুত চিকিত্সক নিয়োগ দেয়ার দাবিতে সম্প্রতি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হাসপাতালের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এ ব্যাপারে বেতাগী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন,‘চিকিত্সক সংকটের কারণে চিকিত্সাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত চিকিত্সক নিয়োগের জন্য আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না।’