আওয়ামী লীগ নেতাসহ ৬ জনের নামে মামলা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
বগুড়ার ড্রাগ সুপারকে মারপিটের অভিযোগে বগুড়া শহর আওয়ামী লীগের একাংশের সভাপতি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি রফি নেওয়াজ খান রবিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বগুড়ার ড্রাগ সুপার সুকর্ন আহমেদ বাদী হয়ে বৃহস্পতিবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। রফি নেওয়াজ খান রবিন ছাড়াও মামলায় আসামি করা হয়েছে বগুড়ার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ওষুধ ব্যবসায়ী শাজাহান আলী এবং অজ্ঞাত ৩জনকে। ১৭ সেপ্টেম্বর ড্রাগ সুপার সুকর্ন আহমেদকে মারপিট ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় অন্যান্য আসামিরা ড্রাগ সুপারের টেবিলে রাখা ল্যাপটপ, ক্যামেরা, ইন্টারনেটের মডেমসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে যায়।বগুড়া সদর থানায় ড্রাগ সুপারের দেয়া অভিযোগ বৃহস্পতিবার মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার ৩নং আসামি এবং বগুড়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ড্রাগ সুপারকে মারপিট করা হয়নি। সমিতির একজন সদস্যের বিরুদ্ধে ড্রাগ সুপার মামলা করায় মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য অফিসে গিয়ে ড্রাগ সুপারকে অনুরোধ করি। এসময় তিনি ক্যামেরা দিয়ে আমাদের ছবি উঠানো শুরু করলে কথা কাটাকাটি হয়। তিনি আরও জানান, মিথ্যা মামলা দেয়ায় ড্রাগ সুপারের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হবে।