কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও কোটালীপাড়া এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্ল¬ী উন্নয়ন একাডেমি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, জেলা সহকারী কমিশনার মোঃ আনিছুর রহমান, হোসাইন মোঃ আল জুনায়েদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কটিয়াদীতে নকল কীটনাশক কারখানা
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কটিয়াদীতে নকল গাওয়া ঘি, নকল পর্চা, মাঠ রেকর্ড, ছাপাখানা সন্ধানের এক মাসের মাথায় নকল কীটনাশক তৈরি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারাহ-গুল-নিঝুম উপজেলার মধ্যপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মধ্যপাড়া বাজারের নকল কীটনাশক প্রস্তুতকারী ইদ্রিস আলীর পুত্র আতাবুর রহমান(৩৫)-এর দোকানে অভিযান চালায়। তার দোকান থেকে উদ্ধার করা হয় নকল কীটনাশক তৈরির রং, বালি, পলিব্যাগ, সীল-প্যাড ও গন্ধযুক্ত কেমিক্যাল ইত্যাদি। পরে নকল কীটনাশক প্রস্তুতকারক আতাবুর রহমানকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে তাকে কোর্টে সোপর্দ করেছে পুলিশ।
হোমনায় বিএনপি’র সমাবেশ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে হোমনায় গণসমাবেশ করেছে বিএনপি। শুক্রবার উপজেলা সদরের ১নং ব্রিজ সংলগ্ন বালুর মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এমপি। পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম, সেক্রেটারী আজিজুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সেক্রেটারী ছানাউল্লাহ, জেলা বিএনপি নেতা হানিফ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, স্বেচ্ছাসেবক দল সভাপতি মনিরুল হক, শ্রমিক দল সভাপতি নবী হোসেন।
দর্শনায় অবৈধ দখলদারের বিরুদ্ধে বিক্ষোভ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদা দর্শনায় পৌর মাঠ দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার দর্শনা পৌরসভা খেলার মাঠ দখল করার জন্য সাবেক অধ্যক্ষ জান মোহাম্মদ তার লোকজন নিয়ে আসে। এ সময় পৌর কর্তৃপক্ষ ও এলাকার জনগণ তাদের বাধা দেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর জান মোহাম্মদ তার লোকজন নিয়ে পালিয়ে যায়।
সারিয়াকান্দিতে বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল শুক্রবার সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা কলেজ মাঠে উপজেলার নারচী, সদর ইউনিয়ন ও পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৪শ’ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে ।সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি।
নড়িয়ায় ভাঙন দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ও ঘরিসার ইউনিয়নের পদ্মা নদীভাঙন কবলিত প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ, ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে ওয়াপদা, সাধুরবাজার, চন্ডিপুর ও সুরেশ্বর পয়েন্টে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম।
রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জন আটক
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ শুক্রবার ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সিকদার রাস্তার মাথা থেকে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন:রায়পুরের মধুপুর এলাকার মৃত আবদুল গনি মৃধার ছেলে জাকির হোসেন (২১), দক্ষিণ দেনায়েতপুর এলাকার আবদুল হারুনের ছেলে মো. মহসিন (১৯), উত্তর দেনায়েতপুর এলাকার নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন (২৩), উত্তর রায়পুর গ্রামের সিরাজউল¬ার ছেলে কাশাল হোসেন (৩৪), দক্ষিণ কেরোয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মুরাদ হোসেন (২৪), সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে সৈকত হোসেন (২২) ও রামগতি উপজেলার আবদুস শহিদ মাস্টারের ছেলে মিজানুর রহমান রাকিব (১৯)।
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র্যালীতে পুলিশের বাধা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালীতে গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার থানা পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের র্যালী ছত্রভঙ্গ করে দেয়। র্যালী পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুজ্জামান রকি। বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিনুল কবির শাহিন, যুগ্ম আহবায়ক রাজু ভুঁইয়া, হযরত মিয়া, শাহ আলম, ফারুক হোসেন, জাহাঙ্গীর সাউদ।
দশমিনায় হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনায় উপজেলা পরিষদের সামনে শুক্রবার কবির হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী প্রতিবাদ ও মানববন্ধন করে। যৌন হয়রানির প্রতিবাদ করায় নির্মমভাবে রগ কর্তনের ঘটনায় দীর্ঘ ১ মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা চলাকলীন ১২ সেপ্টেম্বর উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে মোঃ কবির হোসেনের মৃত্যু হয়। হত্যা নেপথ্য নায়ক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বহরমপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমানসহ জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে স্থানীয়রা এ কর্মসূচি দেয়।
মাদারগঞ্জের তেঘুরিয়া বাজারে ধর্মঘট
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের প্রাচীনতম তেঘুরিয়া বাজারে গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ীরা। তারা ঐ হাটের পাশে অবৈধভাবে গড়ে ওঠা কোয়ালিয়াকান্দি হাট উচ্ছেদ ও হাটের বার পরিবর্তনের দাবি জানিয়েছেন। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী জানায়, প্রায় দেড়শ’ বছর আগে তেঘুরিয়া হাটটি সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার বসতো।
মধুপুরে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ
গোপালপুর(টাঙ্গাইল)সংবাদদাতা \ চার দফা দাবিতে একটানা পাঁচদিন ধরে কর্মবিরতি এবং বিক্ষোভ মিছিল করে আসছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন মধুপুর বিএডিসি শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালন করা হয়। শ্রমিক ফেডারেশনের সভাপতি শামসুল হক এবং সম্পাদক মুকুল মিয়া জানান, অবসরকালীন ভাতা ৬০ মাসের মজুরির সমান করা, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীতকরণ দাবিতে তারা কর্মসূচি পালন করেন।
রংপুর সুগার মিলে কর্মচারীদের মানববন্ধন
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জ রংপুর সুগার মিলের কাজ নাই মজুরী নাই কানামনা শ্রমিক/কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিতে গতকাল বৃহস্পতিবার মিলের প্রধান ফটকে শ্রমিক/কর্মচারীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে শ্রমিক/কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সভাপত্বিতে আলোচনায় বক্তব্য রাখেন সম্পাদক আনছার আলী, শ্রমিক নেতা আবুল হোসেন, জিন্নাত আলী, এনামুল হক প্রমুখ।
সরাইলে নারী স্বাস্থ্যকর্মী লাঞ্ছিত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারী স্বাস্থ্যকর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ সবুজ মিয়া (২০) নামের এক বখাটেকে আটক করেছে। বৃহস্পতিবার পাঁচটার দিকে উপজেলা সদর থেকে তাকে আটক করে পুলিশ। বুধবার বারটার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মুলকাছ মিয়ার বখাটে ছেলে সবুজ মিয়া স্বাস্থ্যকর্মী দিলরুবা বেগমকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে দিলরুবাকে লাঞ্ছিত করে। ঘটনার পর বখাটের ভয়ে স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে চলে যান দিলরুবাসহ অন্য স্বাস্থ্যকর্মীরা। দিলরুবা জানান, বৃহস্পতিবার তিনি ভয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাননি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বেলগাছি বিকল্প কলেজে নবীন বরণ
রাজবাড়ী প্রতিনিধি \ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা সদরের বেলগাছি বিকল্প কলেজে নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। এতে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর কেরামত আলী, খানগঞ্জ ইউপি চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর, চন্দনী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার।
বালিয়াকান্দিতে মাছের পোনা অবমুক্তকরণ
রাজবাড়ী প্রতিনিধি\ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মত্স্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। জঙ্গল ইউনিয়নের নিহারীর বিল ,পুষসলী নদী, বহরপুর ইউনিয়নের বারুগ্রাম বিল, ইসলামপুর ইউনিয়নের হইকোল বিল ও বালিয়াকান্দি ইউনিয়নের চন্দনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রানা প্লাজা ধসে নিহতের পরিবারকে সহায়তা
কুষ্টিয়া প্রতিনিধি \ সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত গার্মেন্টস কর্মী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের সালেহা বেগমের পরিবারকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ আর্থিক সহয়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সালেহার স্বামী ও মেয়ের হাতে নগদ টাকা তুলে দেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক প্রফেসর ডাক্তার ইফতেখার মাহমুদ।
নরসিংদীতে ব্যবসায়ীর টাকা ছিনতাই
নরসিংদী প্রতিনিধি \ নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারী দল। বৃহস্পতিবার নরসিংদী বাজার এলাকার দেশপ্রিয় রোডে এ ঘটনা ঘটেছে। নরসিংদীর শালিদার পাওয়ারলুম ফ্যাক্টরির মালিক লিটন মিয়া। নরসিংদী শহরের ডাচ বাংলা ব্যাংক থেকে ৫ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে রিকশাযোগে যাবার পথে দেশপ্রিয় রোডে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ফরিদপুরে অভিভাবক দিবস
ফরিদপুর প্রতিনিধি \ পুষ্টি জ্ঞান প্রসারে বিদ্যালয় আঙ্গিনায় শাক-সবজি ও কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর উপাদান সম্পর্কে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ‘অভিভাবক দিবস’ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে । ইউএসএইড হর্টিকালচারের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অভিভাবক দিবস অনুষ্ঠান আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক কেন্দ্র ।
ফুলবাড়ীতে জেন্ডার বিষয়ক সেমিনার
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে বেসরকারি সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার সুজাপুর কার্যালয়ে উপজেলার ২৬ জন দম্পতিকে নিয়ে বৃহস্পতিবার জেন্ডার ইস্যু বিষয়ক সেমিনার নুষ্ঠিত হয়েছে। সংস্থার ইউনিট ব্যবস্থাপক এস এম মাসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা।
উখিয়ায় ৪৩২ বোতল বিদেশি মদ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়া সীমান্তের ঘুমধুম বিজিবির সদস্যরা বৃহস্পতিবার ভোরে কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের ইমাম উদ্দিন ও আবুল হাশেমের বাড়িতে তল্লাশী চালিয়ে ৪৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। বিজিবির নায়েব সুবেদার শেখ আতিয়ার রহমান জানান, সংঘবদ্ধ একটি মাদক ব্যবসায়ী মিয়ানমার থেকে আনীত এসব মাদকদ্রব্য স্থানীয়ভাবে বাজারজাতসহ বিভিন্ন এলাকায় পাচারের জন্য উপরোক্ত দুইটি বসতবাড়িতে মওজুদ করে।
আদিতমারীতে মতবিনিময় সভা
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ আইরিশ এইড ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের সহযোগিতায় ওভার বাস্তবায়নে নদী ও জীবন-২ প্রকল্প অফিস কার্যালয়ে উপজেলা কৃষি, মত্স্য, প্রাণিসম্পদ ও পল্লী উন্নয়ন বিভাগের সাথে মতবিনিময় ও পরিকল্পনা বিষয়ক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওভার প্রজেক্ট ম্যানেজার রবিউল ইসলাম।
