মেসি রোনালদোর দ্বৈরথে নতুন মাত্রা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যকার খেলোয়াড়ী দ্বৈরথের কথা কারো অজানা নয়। চলতি মৌসুমের শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগের খেলায় দুজনের হ্যাটট্রিক নৈপুণ্য তাই মনে করিয়ে দেয় ফুটবলামোদীদের। এখন জানা যাচ্ছে দুজনের মধ্যে পারিশ্রমিক নিয়েও আছে একই ধরনের প্রতিদ্বন্দ্বিতা। কারণ স্পেনের ‘স্পোর্ট’ পত্রিকা জানাচ্ছে দিন কয়েক আগে রিয়াল মাদ্রিদ তাদের পর্তুগীজ তারকা রোনালদোর বেতন বাড়ানোর পর এখন বার্সেলোনা তারকা মেসিও সমপরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে দাবি করেছেন। রোনালদো কয়েকদিন আগে বার্ষিক এক কোটি ৭০ লাখ ইউরো পারিশ্রমিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন। স্পেন ও ইংল্যান্ডের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এখন ফিফার চারবারের বর্ষসেরা ফুটবলার মেসিও প্রতিদ্বন্দ্বী রোনালদোর সমপরিমাণ অর্থ দাবি করেছেন। মেসি বর্তমানে এক কোটি ২৫ লাখ ইউরো বেতন হিসেবে পেয়ে থাকেন। তিনি যে রোনালদোর সমান বাড়াতে বলেছেন এমন তথ্য স্বীকার করেননি বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোসেল। যদিও স্প্যানিশ পত্রিকাটি দাবি করেছে টানা চারবারের বিশ্ব সেরা হওয়া ফুটবলারটি মনে করেন তার বর্তমান বেতন এ সম্মানের সাথে মানানসই নয়। বার্সেলোনা সভাপতি রোসেলের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মেসি এ ব্যাপারে আমাদের কিছু বলেনি। সে এখানে খুশি এবং সে বিশ্বের সেরা ক্লাবেই আছে। কোন সংবাদ না থাকাটাই ভাল সংবাদ। স্প্যানিশ লিগে এ পর্যন্ত তিন ম্যাচে ছয় গোল করেছেন মেসি। এর মধ্যে আছে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে একটি হ্যাটট্রিক। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন অধিনায়কটি। সব মিলিয়ে চলতি মৌসুমে মেসির গোল হলো নয়টি। অপরদিকে রোনালদো গোল ছয়টি। তবে তিনিও চ্যাম্পিয়ন লিগে রিয়ালের প্রথম ম্যাচে হ্যাটট্রিক নৈপুণ্য দেখিয়েছেন। রোনালদো গেল মৌসুমে রিয়াল মাদ্রিদে ‘অসুখী’ বলে জানান দিয়েছিলেন। সেসময় বলা হয়েছিল মেসির তুলনায় পর্তুগীজটির বেতন কম হওয়াই ছিল এর কারণ। পরে অবশ্য তার ‘অসুখী’ অবস্থান বদলায় রিয়াল সভাপতির আশ্বাসের প্রেক্ষিতে। গ্যারেথ বেলের কাছে তার ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ডটি হাতছাড়ার পর মাদ্রিদের ক্লাবটি রোনালদোর বেতন বাড়ালে তিনি হন বিশ্বের সর্বাধিক বেতন পাওয়া ফুটবলার। বাসস/মেইলঅনলাইন