তালায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৯

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় বৃহস্পতিবার এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম বিলকিস খাতুন (২২)। সে উপজেলার চাঁদপুর গ্রামের কবির শেখের স্ত্রী। তবে নিহতের স্বজনদের দাবি, যৌতুকের দাবিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

বিলকিস খাতুনের ভাই শরিফুল সরদার জানান, প্রায় পাঁচ বছর আগে উপজেলার চাঁদপুর গ্রামের সৈকত শেখের ছেলে কবির শেখের সঙ্গে পারিবারিকভাবে তার বোনের বিয়ে হয়। বিয়ের সময় যাবতীয় আসবাবপত্রসহ নগদ ১ লাখ টাকা দেওয়া হয়। বছর না গড়াতেই আবারো যৌতুক দাবি করে কবির শেখ। বোন ফোন করে টাকার কথা বলে, কিন্তু আমরা দিতে রাজি না হওয়ায় মারপিট করে বোনের মুখে বিষ ঢেলে হত্যা প্রচেষ্টা চালায়। ওইদিন লোকমুখে ঘটনা শুনে এসে দেখি স্থানীয় সুজনশাহা বাজারে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিত্সা দিচ্ছে কবির। পরে তাকে জোর করে তালা হাসপাতালে ভর্তি করি। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা নিতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বাধা দেয়। বিকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।