মারের মৌসুম শেষ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
চলতি বছরের বাকী সময়ে টেনিস কোর্টে দেখা যাবে না গ্রেট ব্রিটেনের তারকা খেলোয়াড় এন্ড্রি মারেকে। পিঠের ইনজুরির অস্ত্রোপচার করাবেন তিনি। বৃহস্পতিবার মারের ম্যানেজমেন্ট কোম্পানি এ খবর নিশ্চিত করে। চলতি বছরের মাঝামাঝি সময় পিঠের ইনজুরিতে পড়েন মারে। ফলে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে খেলা হয়নি তার। তাই কোর্টে ফেরার জন্য ব্যাকুল ছিলেন মারে। তাই চিকিত্সকের পরামর্শে অস্ত্রোপচার না করিয়ে ব্যাথানাশক ওষুধ সেবন করে সুস্থ হয়ে আবারো কোর্টে ফিরেন মারে। আর ফিরেই চমক দেখান তিনি। জিতে নেন বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন। কিন্তু সময় যতই যাচ্ছিল, ততই যেন পিঠের ইনজুরিটি বড় আকার ধারণ করছিল। তাই এবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন মারে। আগামী সপ্তাহেই অস্ত্রোপচার করাবেন মারে বলে জানায় তারই একটি কোম্পানি, ‘অনেক দিন ধরেই পিঠের সমস্যায় ভুগছিলেন মারে। তাই আগামী সপ্তাহে পিঠের ইনজুুরির অস্ত্রোপচার করাবেন মারে।’ এমন খবর প্রকাশ হবার পর টুইটারে মারেকে শুভ কামনা জানিয়েছেন তার ভক্তরা। আর সেই শুভ কামনা পেয়ে ভক্তদের শুভ কামনা জানাতেও ভুলেননি মারে, ‘যারা আমাকে শুভ কামনা জানিয়ে দারুণসব ক্ষুদে বার্তা দিয়েছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবার আমি অস্ত্রোপচার করাবো। আর তা করানোর পর আমি আরও শক্তিশালী হয়ে আবারো কোর্টে ফিরবো।’ কোর্টে ফেরার আশা করা ছাড়াও আগামী মৌসুম নিয়েও কথা বলেন মারে। তার লক্ষ্য আগামী মৌসুমে আরও ভালো টেনিস খেলা, ‘আমার লক্ষ্য আগামী মৌসুমের জন্য নিজেকে পুরোপুরি তৈরি করা। এইজন্য যা যা করা প্রয়োজন আমি তা করতে প্রস্তুত আছি। আর সবকিছু ভালোভাবে করতে পারলে আগামী মৌসুমে অনেক সাফল্য পাবো বলে আশা করছি আমি। এই মৌসুমে ইনজুরির কারণে নিজেকে পুরোপুরিভাবে মেলে ধরতে পারেনি। আশা করছি পরের মৌসুমটি আমার জন্য ভালোই কাটবে।’ টেনিস ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র দুটি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন মারে। উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছেন তিনি। আর অস্ট্রেলিয়ান ওপেনে তিনবার ফাইনালে উঠে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরতে পারেননি ২৬ বছর বয়সী মারে। বাসস