শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ
নালিতাবাড়ীর ফকিরপাড়া ও
ঝিনাইগাতীর সারিকালিনগর চ্যাম্পিয়ন
শেরপুর প্রতিনিধি
শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল দুটি। এর মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে নালিতাবাড়ীর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শেরপুর সদরের রাজবল্লভপুর রামকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বালিকা গোল্ডকাপ ফুটবলে ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলে শেরপুর সদরের তারাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল।
বঙ্গবন্ধু কাপে নালিতাবাড়ীর রিয়াদ সেরা খেলোয়াড় ও শেরপুরের ছিদ্দিক ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং বঙ্গমাতা কাপে ঝিনাইগাতীর মিমি আক্তার সেরা খেলোয়াড় ও মার্জিয়া ৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হায়দার আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ
চৌডালা ও টাকাহারা চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গোমস্তাপুরের চৌডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে নাচোলের টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়। মেয়েদের ফাইনালে আমনুরা তৌফির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। জেলা পর্যায়ের ফাইনাল দুটি গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার ছেলে ও মেয়েদের পাঁচটি করে দল অংশ নেয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সরদার সরাফত আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
পলাশ উপজেলা সেমিফাইনালে
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পলাশ উপজেলা দল ২-০ গোলে মুন্সীগঞ্জের বর্ণালী ক্রীড়া চক্রকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
স্থানীয় মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় স্যামসিং খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে গোল দুটি করেন। খেলা পরিচালনা করেন রেফারি ভরত চন্দ্র গৌড়।
আজ শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রায়পুরা উপজেলা ও মৌলভীবাজার জেলা দল মুখোমুখি হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. একেএম অলিউল্যা, পলাশের উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খানম, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভুঁইয়া, ফুটবলার সুভাষ সাহা, হাবিবুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাগণ।
