শখের বসে বা আনন্দ করতে নয়, মাদকের করাল গ্রাস থেকে দেশের যুব সমাজকে বাঁচাতে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বাইসাইকেলে পথে নেমেছে পাবনার দুই বন্ধু। গত বুধবার দেশের ৬৪ জেলার মধ্যে ৫৬তম জেলা হিসাবে রাঙ্গামাটি জেলায় পৌঁছে সাংবাদিকদের কাছে এরকম মতামত ব্যক্ত করলেন পাবনা শহরের দুই বন্ধু ছোটন সরকার (১৯) ও রাম প্রসাদ মালাকার (১৮)।
তারা বলেন, সমাজে মাদকের ব্যবহার এমনি পর্যায়ে পৌঁছেছে যে, নিজেকে তথা যুব সমাজকে গঠন করতে হলে সমাজ থেকে মাদক নামক ‘ভাইরাসকে’ ধ্বংস করার কোনো বিকল্প নেই। এটা উপলব্ধি করতে পেরে আগে নিজের মাঝে পরে সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই পথ চলা। তারা বলেন, তাদের এই পথ চলা দেখে যদি একজন যুবক মাদকাসক্তি থেকে বের হয়ে আসতে পারে তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।
পাবনা শহর সংলগ্ন গ্রাম দেলালপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ সরকারের ছোট ছেলে ছোটন সরকার ও নারায়ন চন্দ্র মালাকারের সন্তান রাম প্রসাদ মালাকার দুইজনই পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সমাজে মাদকের ভয়াবহ বিস্তার এবং এর প্রভাবে যুব সমাজের অবক্ষয় দেখে দুই বন্ধু সিদ্ধান্ত নিলেন, নিজেরা সারা দেশ সাইকেলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন। যেই ভাবা সেই কাজ, নিজেদের সম্বল দুইটি বাইসাইকেল আর সঙ্গে থাকা মাত্র আঠারো হাজার টাকা নিয়ে মাদক বিরোধী প্রচারণায় সারা দেশ ঘুরতে বের হলেন তারা। সেই পহেলা আগস্টে পাবনা শহর থেকে বেরিয়ে গত বুধবার পর্যন্ত মোট ৫৫টি জেলা ঘুরে ৫৬তম জেলা রাঙ্গামাটিতে আসেন। এখানে জেলা প্রশাসক মোস্তফা কামালের সাথে দেখা করে জানালেন তাদের আগমনের উদ্দেশ্য। জেলা প্রশাসক তাদের এই পথচলাকে স্বাগত জানিয়ে প্রশাসনের স্টেশন ক্লাবে থাকার ব্যবস্থা করে দিলেন।
রামপ্রসাদ জানালেন, আমাদের এই পথচলায় অনেকেই আমাদেরকে উত্সাহ দিচ্ছেন, খাওয়াচ্ছেন আবার সামান্য পকেট খরচও দিচ্ছেন। মাদকের প্রসার রোধে তাদের এই সফর যথাযথ ভূমিকা রাখবে এমনটিই প্রত্যাশা সকলের।
