ফেলানীকে নিয়ে সুমনের গান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের হত্যাকান্ডের বিচার নিয়ে কেবল ধিক্কার জানিয়েই বিরত থাকলেন না। এবার গানও লিখলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী কবির সুমন। শুক্রবার সুমন তার ফেসবুক পেজে নিজের এই গানটির অডিও লিংক শেয়ার করেন। গানটি ইতোমধ্যে ফেসবুকে ঝড় তুলেছে। গানটির প্রথম কয়েকটি লাইনে সুমন লিখেছেন শোন বিএসএফ শোন হে ভারত কাটাতারে গুন গুন একটা দোয়েল বসেছে যেখানে ফেলানী হয়েছে খুন। রাইফেল তাক করো হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই- তোমার গুলিতে বাংলার পাখি কাঁটাতারে ঝুলবেই.......... এর আগে চলতি মাসের শুরুর দিকে সীমান্তে ফেলানী খাতুন হত্যা মামলায় বিএসএফের বিশেষ আদালতে আসামি অমীয় ঘোষের খালাসের রায়ে ধিক্কার জানিয়েছিলেন সুমন। এর আগে সুমন শাহবাগের গণজারগণ মঞ্চসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর গান লিখেন এবং ভারত সরকারের অন্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আর এর ফলে বাংলাদেশে তার অনেক ভক্তও সৃষ্টি হয়েছে।