রায়ের পর আইন পরিবর্তনের নজির নেই :এরশাদ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৮
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, পৃথিবীর কোথাও রায়ের পর আইন পরিবর্তনের নজির নেই। কিন্তু বাংলাদেশে রায়ের পরে আইন পরিবর্তন করা হয়েছে। এটি এদেশেই প্রথম, এদেশেই শেষ। গতকাল শুক্রবার রাজধানীর বিদ্যুত্ ভবনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ), ঢাকার অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জনগণের কথা বাদ দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি এখন ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত উল্লেখ করে এরশাদ বলেন, আমি আশা করব, সব দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যাকে পছন্দ করবে তারা?ই ক্ষমতায় আসবে। বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন হয়- তাতে পেশিশক্তি, কালো টাকার প্রয়োজন হয়। এ অবস্থায় ভালো লোক নির্বাচিত হওয়া সম্ভব নয়। এজন্য নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। পরিবর্তন ছাড়া দুই দলের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। আরডিজেএ’র সভাপতি মুফদি আহমেদের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশন প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ, শিল্পপতি কাওসার জামান বাবলা, আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আরডিজেএ’র সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব।