গাজীপুরে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ককে ৫টি কুমির দিয়েছে বাণিজ্যিক কুমির উত্পাদনকারী প্রতিষ্ঠান রেপটাইলস ফার্ম লিমিটেড। ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা বাজার সংলগ্ন হাতিবেড় গ্রামে এ ফার্মের খামারে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ কুমিরগুলো হস্তান্তর করা হয়।
খামারের মালিক মেজবাউল হক ৬ দশমিক ৬ ফুট থেকে ৭ ফুট লম্বা ৫টি পুরুষ কুমির হস্তান্তর করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পক্ষে কুমিরগুলো গ্রহণ করেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক ও বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচালক তপন কুমার দে। খামারের মালিক মেজবাউল হক বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নতুন প্রতিষ্ঠিত এই সাফারি পার্কে আমরা ৫টি কুমির দিয়েছি। এ বিষয়ে যে কোন সমস্যায় আমরা পাশে থাকব। খামারের পরিচালক রাজীব সোম জানান, এ খামারে প্রজনন থেকে শুরু করে রপ্তানি করা হয়। আগামী বছরের মাঝামাঝি সময়ে ৬শ’ কুমিরের একটি চালান রপ্তানি করা হবে। উল্লেখ্য, এটি এশিয়া মহাদেশের প্রথম বাণিজ্যিক কুমির উত্পাদন খামার।
