বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া রায় কার্যকর করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসমাবেশে বক্তা ও মঞ্চের কর্মীরা এ দাবি জানান। যুদ্ধাপরাধের রায় দ্রুত কার্যকর এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে মঞ্চ।
সমাবেশে ঘাতক দালাল নির্ম?ূল কমিটির আহবায়ক শাহরিয়ার কবির বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আদালতের রায় আমাদের বিজয়ের এক ধাপ মাত্র। সকল যুদ্ধাপরাধীর ফাঁসি হলেই পূর্ণ বিজয় আসবে। সরকারের এ মেয়াদের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, তা কার্যকর করতে হবে। সংবিধান অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবেই জামায়াতকে নিষিদ্ধ করা যায়। অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে।
শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে চূড়ান্ত রায় গণজাগরণ মঞ্চের প্রাথমিক বিজয়। ফাঁসিতে ঝুলানোর পর শতভাগ বিজয় হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ১৬ ডিসেম্বরের আগে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া সবগুলো রায় কার্যকর করতে হবে। এতে করে জনগণ বিজয়ের সত্যিকারের আনন্দ নিয়ে বিজয় দিবস উদযাপন করবে।
বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করতে প্রয়োজনে আরেকবার রাজপথে নামব। যেকোনো মূল্যে জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে।
বিকাল পাঁচটার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
