ঘুঙুরের ঝনঝন আওয়াজ, বৈঠার ঠকঠকানি শব্দ-বাঁশির তালে তালে ও সারি গানের মন মাতানো সুরের মুর্ছনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকালে জয়পুর গ্রামবাসীর উদ্যোগে লোহাগড়া বাজার ঘাট থেকে এড়েন্দা বাজার ঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার লোহাগড়া বাজারের পাশে নবগঙ্গা নদীর দুই পাড়ে নৌকা বাইচ দেখতে প্রায় পঞ্চাশ হাজার নারী-পুরুষ উপস্থিত হয়েছিল। এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে ১৪টিরও বেশি নৌকা এ প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। এতে নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের তরুণ বিশ্বাসের নৌকা ১ম এবং লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামের আইউব আলীর নৌকা ২য় স্থান লাভ করে। প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের, উপজেলা চেয়ারম্যান আ. হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান প্রমুখ।
