ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুর ব্রিজ এলাকায় গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পাঁচ কি মি রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৮টি জেলার শত শত যানবাহন রাস্তায় আটকে পড়ে। যানজটে আটকে পড়ে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়। কাঁচপুর ব্রিজের পূর্বপাড়ে রাস্তা মেরামতের কাজ চলতে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করায় এই তীব্র যানজটের সৃষ্টি হয় বলে ট্রাফিক সার্জেন্টরা জানায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুর ব্রিজ এলাকায় সকাল ৯টা থেকে যানজট শুরু হয়। যা লিংক রোড, সানারপাড়, মৌচাক, শিমরাইল, কাঁচপুর ব্রিজ, কাঁচপুর বাসস্ট্যান্ড ও নয়াবাড়ী পর্যন্ত ছড়িয়ে পড়লে শত শত যানবাহন আটকা পড়ে। গতকাল শিমরাইল মোড়ে গিয়ে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী লেনে তীব্র যানজট দেখা গেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়াও গত দুই দিনের হরতালের কারণে রাস্তায় যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।
শিমরাইল মোড়ে কর্মরত ট্রাফিক সার্জেন্ট জানায়, কাঁচপুর ব্রিজের পূর্বপাড়ে রাস্তা মেরামতের কাজ চলতে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে এই যানজটের সৃষ্টি হয়।
