বিএনপির স্থায়ী কমিটির সদস্য বি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানের চিকিত্সক বলেছেন, ওনার বাম কানে সমস্যা। অথচ তিনি যখন ফোনে কথা বলেন বাম কানেই ফোন ধরে রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে চোখের ডাক্তার দেখাতে পরামর্শ দিয়েছেন। অথচ তারই চিকিত্সা দরকার। প্রধানমন্ত্রীর কোন কানে সমস্যা সেটি জানতে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিত্সা করানো হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ সর্প হয়ে দংশন করে, আবার তারাই ওঝা হয়ে ঝাড়ে। সরকার যদি জনগণের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনে তাহলে তারা বাকশাল থেকে আর আওয়ামী লীগ হবার সুযোগ পাবে না।
হান্নান শাহ বলেন, জয় দেশে এসে বলেছিলেন তিন দিনের মধ্যে চমক দেখাবেন, আমরা সেই চমকের অপেক্ষায় ছিলাম। কিন্তু কিছুই দেখতে পাইনি। তবে তিনি বাংলাদেশ ছেড়ে নিউইয়র্ক পাড়ি দিয়ে চমক দেখিয়েছেন। এখন হয়তো বিদেশ থেকে নতুন কোনো চমক নিয়ে আসবেন।
লায়ন গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মনিরুজ্জামান মিয়া, সংগঠনের সভাপতি আবুল কাশেম হায়দার, সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান প্রমুখ।
