বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়ার সমর্থন জনগণ এই সরকারকে দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার ঘোষণা আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারেও ছিল না। অথচ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জনগণের ইচ্ছার বিরুদ্ধে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান পরিবর্তন করা হয়েছে। এটি গণতন্ত্র বিরোধী কাজ।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জাডেব) এ সভার আয়োজন করে। সভায় রফিকুল ইসলাম মিয়া বলেন, ১৮ দলীয় জোট শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে সব কিছু অচল করে দিয়ে আমরা নির্দলীয় সরকারের দাবি আদায় করে ছাড়ব। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, অর্থনীতিবিদ ড. অশোক গুপ্ত, সংগঠনের সাধারণ সম্পাদক খাদেমুল হক সোহেল প্রমুখ।
