জামায়াতের ৪৮ ঘন্টার হরতাল চলাকালে ট্রাকে আগুন দেয়ার অভিযোগে কুমিল্লায় জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অপরদিকে সিরাজগঞ্জে শিবিরের হামলায় এক অটোরিকশা যাত্রী নিহতের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার চৌদ্দগ্রামে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। উপজেলা আমীর, সেক্রেটারি, পৌর আমীর, শিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম থানার এসআই রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আমজাদের বাজার এলাকায় গত বুধবার রাতে আসামিরা মালবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। জীবন বাঁচাতে চালক সেকান্দার আলী (৫০) ট্রাক থেকে নামতে চেষ্টা করলেও তাকে নামতে দেয়নি আসামিরা। আগুনে ট্রাক চালকের শরীর ঝলসে যায় এবং ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে চালককে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় হরতালের সময় শিবিরের হামলায় সিএনজি অটোরিকশা যাত্রী নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে নিহতের চাচা আব্দুল আওয়াল বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ রোড থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা সদর উপজেলার চন্ডিদাসগাতিতে পৌঁছলে পিকেটাররা এর গতিরোধ করে। এসময় পিকেটাররা যাত্রীদের উপর হামলা চালায়। এতে অটোরিকশার দুই যাত্রী আহত হয়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মাসুদ নামের ওই যাত্রী মারা যায়।
বরিশালে ২১ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল অফিস জানান, মহানগর ছাত্রশিবিরের সভাপতিসহ ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে কোতয়ালী মডেল থানার এএসআই বাদী হয়ে বাসে আগুন ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি করেন।
মামলায় মহানগর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান ও সাগরদি জোনের সভাপতি রফিকুল ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ এবং আরো ১২/১৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে গত বৃহস্পতিবার হরতাল চলাকালে নগরীর সিএন্ডবি রোড সিটি বাসের ডিপোতে একটি বাসে অগ্নিসংযোগ করে শিবির কর্মীরা। মুহূর্তের মধ্যে পাশে থাকা আরো দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া তারা বিভিন্ন যানবাহনে ভাংচুর চালায়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
সাতকানিয়ায় ৭ গ্রেফতার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পিকেটিং ও ভাঙচুরসহ তাণ্ডব চালানোর সময় সাতকানিয়া থানা পুলিশ গত বৃহস্পতিবার সাত শিবির কর্মীকে গ্রেফতার করে। সাতকানিয়া থানা উপ-পরিদর্শক (তদন্ত) শিবির কর্মীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
