সোমবার জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১২
জামায়াতে ইসলামী আগামী সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ আটক দলের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল শুক্রবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, দলের শীর্ষ নেতাদের মুক্তি দাবির পাশাপাশি সরকারের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার জন্য এ কর্মসূচি দেয়া হয়েছে। দলের প্রতিটি শাখাকে বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়। তিনি দেশব্যাপী ৪৮ ঘন্টার হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানান। সরকার হরতাল নস্যাত্ করার যে পদক্ষেপ গ্রহণ করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জুলুম, নির্যাতন, গ্রেফতার ও হত্যা চালিয়ে জনগণের আন্দোলন দমন করা যাবে না। সরকার তার মেয়াদের শেষ প্রান্তে এসে নির্বাচনের প্রাক্কালে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে। দেশের জনগণ এ ধরনের সকল চক্রান্ত প্রতিহত করবে। বিক্ষোভ কর্মসূচি সফল করতে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন। স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ এমপি এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর গত বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘জামায়াতের সহিংস প্রতিবাদ সর্বোচ্চ আদালতের অবমাননা’ বলে যে কথা বলেছেন তা সঠিক নয়। জামায়াত এ বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। তিনি দাবি করেন যে, গত বুধবার রাতে ফেনী সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী আল-হেরা দাখিল মাদ্রাসা আওয়ামী লীগের লোকজন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি জামায়াতের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।