করমজলে বিলুপ্ত প্রজাতির বাটাগুর বাস্কারের বাচ্চা ফুটেছে ৩২টি

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৪২

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে গত দুদিনে বিলুপ্ত প্রজাতির বাটাগুর বাস্কারের (কচ্ছপ) ৩২টি বাচ্চা ফুটেছে। গত ১১ মার্চ প্রজনন কেন্দ্রের একটি কচ্ছপ ৩২টি ডিম দেওয়ার পর তা প্রকল্পের ইনকিউভেশনে সংগ্রহ করে রাখা হয়। ইনকিউভেশনে ৬৫ দিন রাখার পর গত বৃহস্পতিবার ২১টি ও শুক্রবার বাকি ১১টি ডিম ফুটে বাচ্চা বের হয়।

প্রজনন কেন্দ্রের কচ্ছপ প্রকল্পের ম্যানেজার আ. রব জানান, এবারই প্রথম শতভাগ ডিম থেকে বাচ্চা হয়েছে। বাচ্চাগুলোর শারীরিক অবস্থা খুবই ভালো। সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাগুলোকে শিগগিরই পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকল্পের ১ নম্বর হ্যাচারিতে ছেড়ে দেয়া হবে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বিলুপ্ত বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপের বংশ বিস্তার প্রজনন কার্যক্রম ও জীবনচক্র সম্পর্কে জানতে ২০১৪ সালে করমজলে গবেষণা শুরু হয়। ওই সময় ১০টি কচ্ছপ দিয়ে কেন্দ্রের কার্যক্রম চালু হয়। ১০টির মধ্যে ৬টি পুরুষ ও ৪টি নারী কচ্ছপ ছিল। এদের প্রজননের মধ্য দিয়েই সর্বপ্রথম ২০১৭ সালে দেয়া ৬২টি ডিম থেকে বাচ্চা হয় ৫৭টি। আর ২০১৮ সালে ৪৬টি ডিম থেকে বাচ্চা হয় ২২টি। তৃতীয় দফায় এবারে ৩২টি ডিম থেকে ৩২টি বাচ্চা হলো।

এ প্রকল্পে ছোট-বড় মিলিয়ে থাকা ১৮৩টি কচ্ছপের সঙ্গে যোগ হয়েছে সদ্য জন্ম নেয়া ৩২টি বাচ্চা। এ নিয়ে করমজলে এখন পর্যন্ত কচ্ছপের সংখ্যা দাঁড়াল ২১৫টিতে।