আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার নিয়ম অনুযায়ী কিছু আনুষ্ঠানিক কাজ করবে। ডিসি-ওসিদের বদলি করবে নির্বাচন কমিশন। নাটোর কানাইখালী বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জনসভায় নাসিম জঙ্গিবাদ ঠেকাতে, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে, দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জনগণকে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়া তিনি আন্দোলনের পথ ছেড়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য এডভোকেট জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শেফালী মমতাজ, জেলা যুব লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।
