সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৩
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, মিথ্যা-দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণ আবারও আওয়ামী লীগকেই সমর্থন জানাবে। তিনি বলেন, জনগণের মঙ্গল সাধন করা সরকার নৈতিক দায়িত্ব বলে মনে করে। তাই এ সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুত্ ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। যারা সরকারের বিরুদ্ধে অপবাদ ও মিথ্যা কথা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলার রাজাপুর গ্রামে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী একই দিন উপজেলার বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এছাড়া তার নিজ গ্রাম গুলবাহারে কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটারদের সাথে মতবিনিময় করেন।