উত্তাপ থাকবে ফতুল্লা বিকেএসপিতেও

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২১
আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপের কারণে একটু আলোচনার বাইরে চলে গেলেও আজ নানান কারণেই ঢাকা প্রিমিয়ার লিগের বাকি দুটি ম্যাচও খুব গুরুত্বপূর্ণ। ফতুল্লায় আজ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে লড়বে শেখ জামাল। আর বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে খেলাঘরের ম্যাচ। শেখ জামালের জন্য উঠতি শক্তি প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে নিজেদের ধরে রাখার পথে ঝুঁকিপূর্ণ একটা ম্যাচ। আবার খেলাঘর ও কলাবাগান অ্যাকাডেমির ম্যাচটা শেষ পর্যন্ত রেলিগেল লড়াইয়ে বড় নির্ধারক হয়ে ওঠার কথা। শেখ জামাল আজকের আগ পর্যন্ত শতভাগ সাফল্য নিয়েই এগিয়ে চলেছে। জাতীয় দলের এক ঝাঁক তারকা ও কয়েকজন কার্যকর বিদেশি নিয়ে মুশফিকুর রহিমদের সেই চলার পথে আজ দোলেশ্বর ‘ডার্ক হর্স’ হয়ে ওঠার সম্ভাবনা আছে। প্রথম ম্যাচে মোহামেডানের বিপক্ষে দারুণ লড়াই করেছিল দোলেশ্বর। আর দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েই দিয়েছে আবাহনীকে! দোলেশ্বরের এই ‘শক্তিশালী’ হয়ে ওঠার মূল কারণ গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ান মোমিনুল হক ও রোশানে ডি সিলভা। সেইসঙ্গে গত ম্যাচে রান পেলেও রুম্মন, ফরহাদ রেজা, রনি তালুকদার বা বল হাতে ফরহাদ রেজার সাফল্য দলটিকে আরও সাহস দিতে পারে। এদিকে কলাবাগান অ্যাকাডেমি ও খেলাঘর দুই রাউন্ড খেলা পার হতেই পয়েন্ট তালিকার তলানির দিকে চলে গেছে। অপ্রিয় হলেও এটাই সত্যি যে, শেষ পর্যন্ত সিসিএস, খেলাঘর ও কলাবাগানকে রেলিগেশন ঠেকাতে লড়তেই হবে হয়তো। আর সে লড়াইয়ে শেষদিকে গিয়ে পেছন ফিরে আজকের ম্যাচটাকে খুব গুরুত্বপূর্ণ মনে হবে। এমনিতে এক পয়েন্ট নিয়ে কলাবাগান অ্যাকাডেমি একটু এগিয়ে আছে। সেইসঙ্গে হ্যামিলটন মাসাকাদজাদের উপস্থিতিতে আজকের লড়াইয়ে তাদের আরও একটু এগিয়ে রাখার কথা।