আগামী মাসের ২ তারিখে নিউজিল্যান্ড দলের ঢাকায় পা রাখার ভেতর দিয়ে বাংলাদেশ পরে অন্তত ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এক ব্যস্ততম আয়োজকে পরিণত হবে। নিউজিল্যান্ড যাওয়ার কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ সফরে চলে আসবে শ্রীলঙ্কা। এরপরই এশিয়া কাপ। এশিয়া কাপের উত্তেজনা শেষ না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এই লম্বা ক্রিকেটযজ্ঞের মধ্যে শ্রীলঙ্কার পর্বটা গতকাল একরকম নিশ্চিত করে ফেললো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটি। গতকাল তারা প্রাথমিকভাবে শ্রীলঙ্কার সফরসূচী অনুমোদন দিয়েছেন। এখন এটা আনুষ্ঠানিকভাবে দুই বোর্ডের অনুমোদনের অপেক্ষামাত্র।
ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেল, সূচী অনুযায়ী এই সফরে ২০১৪ সালের ২৪ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছাবে শ্রীলঙ্কা দল। এই সফরে তারা যথারীতি ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে কবে থেকে কোন ম্যাচ, কোন ভেন্যুতে হবে; সেটা জানা সম্ভব হয়নি।
