টানা চতুর্দশ জয়ের লক্ষ্য রিয়ালের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২২
রিয়াল মাদ্রিদ স্পেনিশ ফুটবল লিগে নিজেদের মাঠে টানা ১৪তম জয় তুলে নেয়ার লক্ষ্যে গেটাফেকে আতিথ্য দেবে। লা লিগার রানার্সআপরা গত ডিসেম্বরে এস্পানিওলের সাথে ২-২ গোলে ড্র করার পর থেকে বার্নাব্যুতে আর কোনো পয়েন্ট হারায়নি। এর মধ্যে নিজেদের মাঠে গেটাফের সাথে আগের তিন সাক্ষাতে প্রতিবারই চারটি করে গোল দেয়ায় রিয়াল এ ম্যাচে সফরকারীদের হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবে। ক্রিস্টিয়ানো রোনালদো গেটাফের বিপক্ষের আগের তিন ম্যাচে সাত গোল করেছেন। এছাড়া পর্তুগীজ এই সুপারস্টার ২০০৯ সালে রিয়ালে যোগ দেয়ার পর থেকে গেটাফের বিপক্ষে সব মিলিয়ে মুখোমুখি হওয়া সাত ম্যাচে গোল করেছেন ১১টি । কোচ কার্লো অ্যানচেলোত্তির রিয়াল মাদ্রিদ লা লিগায় চলতি মৌসুমে চার খেলায় ১০ পয়েন্ট পেয়ে এবং গত সপ্তাহে ভিলারিয়ালের সাথে ২-২ গোলের ড্রটির প্রেক্ষাপটে মাঠে নামবে। ওই খেলাটির মধ্য দিয়ে অভিষেক হয়েছিল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলের। শুধু তাই নয় অভিষেক ম্যাচে ওয়েলশ তারকা একটি গোলও করেছিলেন। এল মাদ্রিগালের ওই ম্যাচে রোনালদোও একটি গোল করেছিলেন। রোনালদোও ওই খেলাটিতে এক গোল দিয়েছিলেন। এছাড়া গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারায়ের বিরুদ্ধে ৬-১ গোলের জয়ে আছে তার হ্যাট্রিক। তাই সব মিলিয়ে পর্তুগীজ তারকাটি চাইবেন গেটাফের বিপক্ষে নিজের রেকর্ড অব্যাহত রাখতে। বেল আশা করছেন ক্লাবের হয়ে প্রথমবারের মতো এ খেলাটির মধ্য দিয়ে মূল একাদশের হয়ে মাঠে নামবেন। তুরস্কের মাঠে অবশ্য তিনি বদলি হিসেবেই মাঠে নেমেছিলেন। ইস্তাম্বুলের মাঠে পাঁজরে আঘাত পাওয়া ইকার ক্যাসিয়াস থাকছেন দলের বাইরে। উঁরুতে ইনজুরি পাওয়া মার্সেলো এবং হাঁটুর ইনজুরিতে ভোগা রাফায়েল ভারানের মাঠে নামা অনিশ্চিত। আর পায়ের ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা জাভি আলোনসো এই ম্যাচেও দলের বাইরে থাকবেন। তবে পেশির সমস্যা থেকে সেরে ওঠা ফ্যাবিও কোয়েন্ত্রাও আজ আনচেলত্তির দলে থাকতে পারেন। গেটাফে মাদ্রিদে আসছে নিজেদের আগের ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে নিজেদের প্রথম লা লিগা জয়টি নিয়ে। তাছাড়া গত মৌসুমে নিজেদের মাঠে রিয়ালকে ২-১ গোলে হারানোর স্মৃতিও গেটাফেকে বাড়তি মনোবল যোগাবে। কিন্তু, কোচ গার্সিয়ার দল এর আগে বিপক্ষের মাঠে ছয়টি খেলার সবকটিতেই হেরেছে। তাছাড়া বার্নাব্যুতে সর্বশেষ খেলা নয় ম্যাচের মধ্যে তাদের জয় কেবল একটি। সেটিও ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। সেই ম্যাচে গেটাফে ১-০ গোলে জিতেছিল। এছাড়াও আজ লা লিগায় ভিলারিয়াল খেলবে সেল্টা ডি ভিগোর বিপক্ষে এবং গ্রানাডা খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে।