কেরুতে ৭ হাজার টন চিনি অবিক্রীত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
দর্শনা কেরুজ চিনিকলে গত দুই বছরের ৬ হাজার ৯শত টন চিনি অবিক্রিত যার বর্তমান বাজার মূল্য ৩৪ কোটি ৫০ লক্ষ টাকা। কর্তৃপক্ষ চিনি রাখার স্থান সংকুলান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আগামী মৌসুমে উত্পাদিত চিনি রাখা নিয়ে মিলটি মহাসংকটে পড়েছে। কেরুজ চিনিকলে আগামী মাড়াই মৌসুমে ৮০ দিন ধার্য করে ১ লাখ টন আখ মাড়াই করে সাড়ে ৭ হাজার টন চিনি উত্পাদন হবে বলে আশা করছেন। আগামী মৌসুমে কেরু চিনিকল জোন এলাকায় ৯ হাজার ৫১০ একর আখ রয়েছে। এর মধ্যে চাষিদের ৮ হাজার ৩১০ একর ও কেরুজ খামারগুলোতে ১ হাজার ২০০ শত একর জমিতে আখ রয়েছে। যেখানে গত বছর ৮০ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ৯৫১ টন চিনি উত্পাদন করা হয়। চলতি আখ রোপণ মৌসুমে ১২ হাজার ৫ শত একর জমিতে আখ চাষ করার লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে। আখ চাষ বৃদ্ধি হলেও চিনি বিক্রি সেভাবে না হওয়ায় মিলসহ চাষি মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ বিষয়ে দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুঃশ্চিন্তায় আছি। বর্তমানে চিনি যা মজুদ আছে এবং আগামী মাড়াই মৌসুমে উত্পাদিত চিনি এবং বর্তমানে গুদামে থাকা চিনি রাখার জায়গা নিয়ে সংকট দেখা দিতে পারে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে।