পাকিস্তানের অভিজ্ঞ ফাস্ট বোলার উমর গুল বলেছেন, হাঁটুতে অস্ত্রোপচারের পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরতে প্রস্তুত তিনি। গত মে মাসে অস্ট্রেলিয়ায় হাঁটুতে অস্ত্রোপচারের পর প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন এই পাকিস্তানি পেসার। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ার পর ডান হাঁটুতে অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাঠানো হয় গুলকে। ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সফরেও ছিলেন দলের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অত্যন্ত খারাপ পারফরমেন্স করে গ্রুপের তিন ম্যাচের সব কটিতেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান। ফিটনেস ফিরে পেতে পুনর্বাসনে থাকা গুল বলেন, এই মুহূর্তে তিনি খুবই ভাল বোধ করছেন এবং অতীতে সফল সময়ের মতো ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী। আগামী অক্টোবরে ঘরোয়া মৌসুুম শুরু হওয়ার আগে নিজের ফিটনেসের অবস্থা পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই বলেও স্বীকার করেন গুল। গুল আরো বলেন, তার হাঁটুর অবস্থা ভাল এবং অস্ত্রোপচারের কোন চিহ্ন নেই। একই ভাবে তিনি নেটে অনুশীলন শুরু করেছেন বলেও জানান। -বাসস
