দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর অন্যতম আবাসভূমি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা। এ জনগোষ্ঠীর দারিদ্র্যের অন্যতম কারণ হচ্ছে নিম্ন জলাভূমি। উপজেলার বিলাঞ্চলগুলোর বাসিন্দারা আবাদের জন্য ভূমির বিকল্প হিসেবে কচুরিপানা দিয়ে তৈরি ধাপ ব্যবহার করে। বিলে ভাসমান কচুরিপানার বড় বড় দলকে ঘনসন্নিবিষ্ট অবস্থায় রেখে দিলে কয়েকদিনের মধ্যে তাতে পচন ধরে তৈরি হয় ধাপ। প্রতিটি ধাপেই পর্যাপ্ত জৈবসারের সৃষ্টি হয়। এতে ওই ধাপের উর্বরতা বৃদ্ধি পায়। এই ধাপের উপরে সবজি চাষ করায় খরচ কম বিধায় উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এ পদ্ধতিতে সবজি চাষ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলার কান্দি, ধারাবাশাইল, মাচারতারা, নয়াকান্দি, তালপুকুরিয়া, হিজলবাড়ি, তারাকান্দর, ডুমুরিয়া, ছত্রকান্দা, দেওপুরা, বাহিরশিমুল, রামশীল, কলাবাড়ি, নলুয়া, মাছপাড়া, ছিকটিবাড়ি, পিড়ারবাড়ি, জহরেরকান্দি গ্রামে প্রচুর পরিমাণে ধাপের উপর সবজি চাষ হয়। এ সকল ধাপে করলা, ঢেঁড়শ, লালশাক, পুঁইশাক, ডাঁটা, শশা, ফুট, লাউ, কুমড়াসহ ১০/১৫ প্রজাতির সবজির চাষ করে থাকে নিম্নাঞ্চলের দরিদ্র কৃষক। ইদানিং তারা হলুদ, মরিচ ,আদা চাষের দিকে ঝুঁকছে। উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন:কোটালীপাড়া উপজেলা ধাপ চাষের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। ইতিমধ্যে এ উপজেলায় ধাপ চাষের পরিধি বৃদ্ধির জন্য সরকারিভাবে বরাদ্দ এসেছে। আমরা খুব শিগগিরই ধাপ চাষিদের তালিকা তৈরি করে সহযোগিতা করবো।
