চট্টগ্রাম
নগরীর অক্সিজেন থানাধীন অক্সিজেন কুয়াইশ সড়কে গত শুক্রবার সকালে বাস চাপায় মোহাম্মদ শফিকুল ইসলাম (৩২) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। বক্সনগর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা গার্মেন্টস শ্রমিক বহনকারী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসী বাস ভাঙচুর ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নিহত মোহাম্মদ শফিকুল ইসলাম চালিতাতলি মনির আহমদ কেরানী বাড়ির সামশুল আলমের পুত্র।
কাঁঠালিয়া (ঝালকাঠি)
ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের বান্দাঘাটায় গত শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন— আবুল হোসেন (৫৫), আশ্রাফুল (৪০), সৈয়দ আলী (৪৫), মোঃ রফি (৪৫), মোঃ কবির (২২), মোঃ জাফর (৩০)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সাতক্ষীরা থেকে ৫৪ জন শ্রমিক কাঁঠালিয়ার সিডিএমপির ভেড়িবাঁধের কাজের জন্য আসার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর (গাজীপুর)
কালিয়াকৈর উপজেলার বড়বাইদ এলাকায় গত শুক্রবার বিকালে একটি নছিমন গাড়ির নীচে চাপা পড়ে ফারিহা আক্তার (৩) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত ফারিহা উপজেলার ঠেঙ্গারবান্দ গ্রামের আবুল কাশেমের মেয়ে।
ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়া পাবনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আনারুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ভেড়ামারা উপজেলার ফারাকপুর গোরস্থানপাড়ার বাবুলের ছেলে। সে ইউনিভার্সাল কোম্পানির সেলসম্যান ছিল। জানা যায়, নিহত আনারুল ও তার বন্ধু সুমন আলী ঈশ্বরদী থেকে মোটর সাইকেলযোগে ভেড়ামারা যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটায় এ দুর্ঘটনা ঘটে।
কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে গত শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে। আহতরা হলেন— পিয়ারা খাতুন (৪৫), রিমা (১০) ও কানু মিয়াকে (৫০)। এ সময় অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে প্যান্ট, গায়ে সেন্ডু গেঞ্জি, সুঠাম দেহের অধিকারী ও গায়ের রং শ্যামলা।
