রাজশাহীর বাগমারার ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে আগে কেউ আসতে অস্বীকৃতি জানালেও এখন এসব পদ নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ডিএম জিয়াউর রহমান অভিযোগ করেছেন প্রতিষ্ঠানগুলোতে দপ্তরি কাম প্রহরী নিয়োগ নিয়ে এসব বিরোধের সৃষ্টি হয়েছে। এজন্য কমিটি গঠনে অনিয়ম করা হয়েছে।
তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরোধের কথা স্বীকার করলেও নিয়োগ বিষয়ে কিছু বলেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, চলতি গত আগস্ট মাসে দ্বিতীয় দফায় বাগমারার ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর থেকে শুরু হয় বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে প্রতিযোগিতা। পদ পেতে তারা দৌড়ঝাঁপ শুরু করেন। এজন্য তারা স্থানীয় সাংসদের কাছ থেকে আধা সরকারি পত্র (ডিও লেটার) নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। একাধিক ব্যক্তিকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
