চাটমোহরে প্রবাসীর স্ত্রী হত্যায় ৫ জন গ্রেফতার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
চাটমোহরে বহুল আলোচিত প্রবাসীর স্ত্রী বেলি ওরফে মর্জিনাকে (৪৫) হত্যার ঘটনায় পুলিশ গত শুক্রবার ৫ জনকে আটক করেছে। ৫ জনের মধ্যে আফ্রাতপাড়া মহল্লার হাবিবুর রহমানের স্ত্রী সাথী খাতুন (২৩) ও মৃত খোকনের স্ত্রী তাহমিনা খাতুন (২৮) ও শালমারা গ্রামের মাসুম (২২) কে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। সাজেদুল ইসলাম ওরফে মোল্লা (৩০) কে গত শুক্রবার আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ রিমান্ডের শুনানি হবে। ভাদরা গ্রামের মহরম হোসেন (৪৫) কে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, বুধবার আফ্রাতপাড়া মহল্লার প্রবাসী আব্দুল হাইয়ের স্ত্রী বেলীকে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। এলাকাবাসী জানায়, বেলির স্বামী প্রায় ১২ বছর সৌদি আরব থাকেন। নিহত মর্জিনা ওরফে বেলী একাই বাড়িতে থাকতো। তার এক ছেলে ঢাকাতে এবং মেয়ে শ্বশুর বাড়িতে থাকেন। থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, পরকীয়ার ঘটনার সূত্র ধরে খুন হতে পারে। আটক সাজেদুল ইসলাম ওরফে মোল্লা বেলীর সাথে তার দৈহিক সম্পর্কের কথা স্বীকার করেছে।