রানীশংকৈলের ২টি স্কুলে ফুটবল বিতরণ
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মীরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিএমএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সমপ্রতি ফুটবল বিতরণ করা হয়। এ উপলক্ষে ঐ দিন ঐ দু’বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে মতিউর রহমান ও বাবর আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা।
রাজাপুরে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার কলেজের শত শত শিক্ষার্থীরা বরিশাল-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী মাইনুল হাসান সবুজ, সানজিদা ইসলাম, ছাত্রলীগ নেতা আহসান হাবিব রুবেল প্রমুখ।
স্বর্ণ পদক পেলেন পীরগঞ্জের মেয়র
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ ঢাকার ২৮, কাওরান বাজারে অবস্থিত বে-সরকারি প্রতিষ্ঠান ‘সার্বিক কমিউনিকেশন সোসাইটি’ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রাজিউর রহমান রাজুকে “পল্লীর অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদক বিরোধী সমাজ কর্মে বিশেষ ভূমিকা পালন করায়” প্রিন্সেস ডায়না স্বর্ণ পদক-২০১৩ এর জন্য মনোনীত করেছে। ৩০ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পদক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।
গোবিন্দগঞ্জে কন্যাদায়গ্রস্তদের মাঝে অর্থ বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত শনিবার উপজেলা পরিষদের হল রুমে ২৫ জন দুস্থ শিক্ষার্থী ও কন্যাদায়গ্রস্ত ও অসুস্থ মানুষের মধ্যে জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিলের ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আবদিয় মার্ডি, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী।
দাগনভূঞায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র উদ্বোধন
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ উপজেলার জয়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে গতকাল শনিবার পল্লী বিদ্যুতের উপকেন্দ্র-২ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য শেখ নুরুল আফসার, ফেনী পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী ছাইরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, জয়লস্কর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, সাড়ে ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ১৫ এমভি ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র নির্মাণ হওয়ায় দাগনভূঞা উপজেলাবাসীর ১৫ বছরের নির্ভরযোগ্য বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা হয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরে নম্বরবিহীন সিএনজি আটক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়ীয়া) সংবাদদাতা \ বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি নাম্বারবিহীন সিএনজি ইসলামপুর ফাঁড়ি পুলিশ আটক করে। ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ খায়রুল বাশার জানান, সিএনজিগুলোর নাম্বার ও ড্রাইভারের লাইসেন্স না থাকায় গাড়িগুলোর নামে মামলা দায়ের করা হয়েছে।
হালুয়াঘাটে ইভটিজিংয়ের দায়ে কারাদণ্ড
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের হালুয়াঘাটে শুক্রবার নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে আলামীন (৩০) নামে মাদকাসক্ত বখাটের ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐ ছাত্রী নয়টার দিকে কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে উপজেলা চত্বরে ওেপতে থাকা মাদকাসক্ত বখাটে আলামীন জাপটে ধরে। স্কুলছাত্রীর চিত্কারে স্থানীয় লোকজন বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভূঁইয়ার ভ্রাম্যমাণ আদালত বখাটে আলামীনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে।
উলিপুরে সিএইচসিপি কর্মীদের মানববন্ধন
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার( সিএইচসিপি) কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। শনিবার উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ‘রিভাই টালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত ৫৪ জন কর্মী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
নেত্রকোনায় নারী নেতৃত্ব উন্নয়নে মতবিনিময়
নেত্রকোনা প্রতিনিধি \ জেলা শহরের অজহর রোডে উদীচী জেলা সংসদ কার্যালয়ে ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) উদ্যোগে গতকাল শনিবার নারী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ পরবর্তী অভিজ্ঞতা বিনিময় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উদীচী জেলা সংসদের সভাপতি ও জেলা জন উদ্যোগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আইইডি জেলা সমন্বয়কারী তোফাজ্জল হোসেন সেলিম।
জীবননগরে সন্ত্রাসী হামলায় বিএনপির ২ কর্মী আহত
জীবননগর সংবাদদাতা \ শুক্রবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর শহরে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তদল হানা দিয়েছে। ১০-১২ জনের মুখোশ পরিহিত সশস্ত্র দুর্বৃত্তদলটি বিএনপির অফিস ঘুরে বাসষ্ট্যান্ডে এসে অস্ত্রের তান্ডব চালায়। তারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের বস্তার দোকানের সামনে বসা বিএনপি নেতা বিশিষ্ট ঠিকাদার আসাদুজ্জামান মিন্টু (৪০), বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম (৩৫) ও আওয়ামী লীগ কর্মী ফুল বাবুকে (৩২) রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
পূর্বধলায় যুবলীগের বর্ধিত সভা
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আওয়ামী যুবলীগকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে গতকাল শনিবার উপজেলা যুবলীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের আওয়ামী যুবলীগের কার্যালয়ে যুবলীগের আহবায়ক মাসুদ আলম টিপুর সভাপতিতে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
নেত্রকোনায় বিএনপি নেতার শোডাউন
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য, এসিআই সল্টের এমডি সৈয়দ আলমগীর খসরু দলীয় নেতাকর্ম ও সমর্থকদের নিয়ে গতকাল শনিবার নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা ও শোডাউন করেন।
ভেড়ামারায় গাঁজাসহ ব্যবসায়ী আটক
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া ভেড়ামারা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জামিরুল নামের এক গাঁজা ব্যবসায়ীকে মোটর সাইকেলসহ শুক্রবার আটক করেছে। ৫’শ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী সোহেল পারভেজকে নিজ বাড়ি থেকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত গাঁজা ব্যবসায়ী সাহেল পারভেজকে ৬ মাসের জেল দিয়েছে।
খোলা আকাশের নিচে সুন্দরগঞ্জের আশ্রয়ণবাসী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামের চর আশ্রয়ণ প্রকল্পের আশ্রিতরা এখনও খোলা আকাশের নিচে অবস্থান করছে। সরকার চরাঞ্চলের অসহায়-দুস্থ মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প নামে প্রকল্প হাতে নেয়। এর ধারাবাহিকতায় বাদামের চরে অপরিকল্পিতভাবে স্থান নির্ধারণপূর্বক কোটি কোটি টাকা ব্যয়ে বালু দিয়ে ভরাট করে আশ্রয়ণ প্রকল্পে ব্যারাক নির্মাণ করা হয়। বাদামের চরের আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ব্যারাক তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেলে আশ্রিতরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা \ বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন বিদায়ী ইউএনও মো:সফিউল আলম। শনিবার তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বানিয়াচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ সিদ্দিক আহমদ, সাংবাদিক ফোরাম সভাপতি আব্দুল কদ্দুছ বিশ্বাস, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জে ১৮ দলীয় জোটের কর্মীসভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ শুক্রবার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিতে উক্ত সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান।
বেনাপোলে নারী ও শিশুসহ ২৯ জন আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল সীমান্তের ৩টি পয়েন্ট থেকে গতকাল শনিবার অবৈধপথে ভারতে যাতায়াতের সময় শিশুসহ ২৯ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি অধিনায়ক তায়েফ-উল হক জানান, বেনাপোলের পুটখালী, রুদ্রপুর এবং গোগা সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক অবৈধপথে ভারতে যাতায়াতের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। সীমান্তে রক্ষিত বিজিবি সদস্যরা পৃথক ৩টি অভিযান চালিয়ে শিশুসহ ২৯ নারী-পুরুষকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা দালাল চক্র পালিয়ে যায়।
মিঠাপুকুরে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে তালাক
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ উপজেলার চৌপথি এলাকায় আইডিয়াল কোচিংয়ের পরিচালক ফারুকের সাথে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর পরকীয়া চলছে দীর্ঘদিন। পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে তালাক দেন ফারুক। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ৫ বছর পূর্বে লতীবপুরের সাদুল্লাপুর গ্রামের লুত্ফরের মেয়ে রিক্তাকে প্রেম করে বিয়ে করেন ফারুক। দাম্পত্য জীবনের ৫ বছরের মাথায় কারণে-অকারণে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে ফারুক। ইতিমধ্যে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে সে। স্বামীর অপকর্মে বাধা দেয়ায় ফারুক ক্ষিপ্ত হয়ে স্ত্রী রিক্তাকে তালাক দেয়।
ধোবাউড়ায় চেয়ারম্যানের খুনীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল শনিবার সকাল ১১টায় ধোবাউড়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন সেলিম মির্ধার খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বরে নিহতের পরিবার ও সমর্থকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্য, সমর্থক, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার হাজার হাজার লোক অংশগ্রহণ করে।
ফরিদপুরে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি \ পাঁচদফা দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্টস এসোসিয়েশন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ডিপ্লোমা মেডিক্যালের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখেন, ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন ফরিদপুরের সভাপতি মো. নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্যা, সহ-সভাপতি মো. রাজিব হোসেন, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিংকী, এসোসিয়েশনের নেতা মো. নাজমুল, মো. আব্দুল বারী, মো. জাহিদ হোসেন।
জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়
জগন্নাথপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা \ সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের পুত্র জেলা আওয়ামী লীগ নেতা মেরিন ইঞ্জিনিয়ার আজিজুস সামাদ আজাদ ডন জগন্নাথপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার পৌর পয়েন্টের সমছু মিয়া কমপ্লেক্সে আয়েজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম বকুল, মাস্টার আব্দুল গফুর, সাবেক মেম্বার গোলাব আলী, পৌর কাউন্সিলর আবাব মিয়া, আব্দুল জব্বার, সালাউদ্দিন, জয়দ্বীপ সুত্রধর, বীরেন্দ্র, ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
কাপাসিয়ায় বালু উত্তোলন করায় ড্রেজার আটক
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর অননুমোদিত (ইজারাবিহীন) মৌজা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শুক্রবার থানা পুলিশ একটি ড্রেজার আটক করেছে। তবে এসময় পুলিশ অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
রামগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গত শুক্রবার বিকালে জেলার রামগঞ্জ উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে ইউনিয়ন ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটোয়ারী। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আ. ক. ম রুহুল আমিন, থানা আওয়ামী লীগ নেতা ও সাবেক সভাপতি মো: আবুল খায়ের ভুঁইয়া, মোহাম্মদ উল্যা পাটোয়ারী প্রমুখ।
