ছলচাতুরি বাদ দিয়ে জনগণের দাবি মেনে নিন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৮
নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি আদায়ের চূড়ান্ত আন্দোলনে জনগণের অংশগ্রহণ বাড়াতে মেঘনা ও কাঁঠালিয়া নদীতে বর্ণাঢ্য ট্রলার মিছিল নিয়ে গণসংযোগ করলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ছলচাতুরী বাদ দিয়ে জনগণের দাবি মেনে নিন। সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচনের চেষ্টা করলে জনরোষে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। জনগণ প্রহসনের নির্বাচন করতে দেবে না। দাবি আদায় করেই ছাড়বে। গতকাল শনিবার সকাল থেকে কুমিল্লার নদীবেষ্টিত মেঘনা উপজেলায় স্থানীয় বিএনপি নদীপথে এক বিশাল ট্রলার মিছিলের আয়োজন করে। বর্ণিল সাজে সজ্জিত শতাধিক ট্রলারের এই দৃষ্টিনন্দন মিছিলে নেতৃত্ব দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন, মেজর (অব.) এম.এম মেহবুব রহমান, আব্বাস উদ্দিন মাস্টার, রমিজ উদ্দিন, আজহারুল হক শাহীন প্রমুখ।