স্পোর্টস রিপোর্টার
২০১৯ বিশ্বকাপের জন্য তারকাখচিত ২৪ সদস্যের ধারাভাষ্যকার দলের নাম ঘোষণা করেছে আইসিসি। এই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন সাবেক জাতীয় দলের তারকা আতাহার আলী খান।
ভারত থেকে আছেন তিনজন ধারাভাষ্যকার। এর মধ্যে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আছেন। সেই সাথে হার্শা ভোগলে ও সঞ্জয় মাঞ্জরেকার আছেন। পাকিস্তান থেকে আছেন ওয়াসিম আকরাম ও তার সতীর্থ রমিজ রাজা। তবে এই তালিকার সাথে স্থানীয় চ্যানেলগুলোতে আরো তারকার নাম যোগ হবে।
এবারের আইসিসির ধারভাষ্যকার তালিকাতে আছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সম্প্রতি মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসির ভবিষ্যত্ সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
এবারের তালিকায় ডাক পেয়েছেন তিনজন নারী ধারাভাষ্যকার— ইশা গুহ, মেলানি জোনস ও অ্যালিসন মিশেল।
২০১৫ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক থাকছেন তালিকায়। আইসিসি ইভেন্টে তার অভিষেক হবে এবারের বিশ্বকাপ দিয়ে।
ধারাভাষ্যকারদের তালিকা:
নাসের হুসেন, মাইকেল ক্লার্ক, ইয়ান বিশপ, সৌরভ গাঙ্গুলি, মেলানি জোনস, কুমার সাঙ্গাকারা, মাইকেল আথারটন, অ্যালিসন মিশেল, ব্রেন্ডন ম্যাককালাম, গ্রায়েম স্মিথ, ওয়াসিম আকরাম, শন পোলক, মাইকেল স্লাটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইশা গুহ, পমি এমবাংওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, হার্শা ভোগলে, সাইমন ডৌল, ইয়ান স্মিথ, রমিজ রাজা, আতাহার আলী খান ও ইয়ান ওয়ার্ড।
