ঠাকুরগাঁওয়ে ন্যায্য মূল্যের দাবিতে পাটে আগুন লাগিয়ে প্রতিবাদ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
ঠাকুরগাঁও ও পাবনার চাটমোহরে পাটের ন্যায্যমূল্য না পেয়ে লোকসান গুণতে হচ্ছে কৃষকদের। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে গতকাল শনিবার স্থানীয় সিন্ডিকেটের কারণে পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকেরা পাটে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন হাটে স্থানীয় সিন্ডিকেট চক্র জেলার বাইরের কোন ব্যবসায়ীর কাছে পাট বিক্রি করতে না দেয়ায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা কৃষকের কাছে কম মূল্যে পাট কিনে জেলার বাইরে পাট বিক্রি করে। এরই প্রতিবাদে গতকাল দুপুরে খোঁচাবাড়ি হাটে আসা খুচরা বিক্রেতারা নিজেদের পাটে আগুন দিয়ে প্রতিবাদ জানায়। কৃষক হরি লাল বলেন, জেলার বাইরের ব্যবসায়ীর কাছে আমরা পাট বিক্রি করি ১১শ’ থেকে ১২ শ’ টাকা পর্যন্ত। কিন্তু স্থানীয় একটি সিন্ডিকেটের কারণে সেই পাট বিক্রি করতে হচ্ছে ৭শ’ থেকে সাড়ে ৭শ’ টাকায়। এতে করে কৃষক উত্পাদন মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষক আনোয়ার হোসেন জানান, এক মণ পাট উত্পাদন করতে ১২শ’ টাকা ব্যয় হয়। কিন্তু স্থানীয় সিন্ডিকেটের কারণে ওই পাট বিক্রি করতে হচ্ছে ৭শ’ টাকায়। এদিকে তারা জেলার বাইরের কোন ব্যবসায়ীকে হাটে ঢুকতেও দিচ্ছে না। ফলে আমরা উত্পাদন মূল্যও তুলতে পাচ্ছি না। পাট ক্রয় করতে আসা মুকুল জানান, আমরা ভাল পাট ১১শ’ টাকা মণ দরে কিনছি। কিন্তু জেলার বিভিন্ন হাটে স্থানীয় সিন্ডিকেটের কারণে পাট কিনতে পারছি না। সিন্ডিকেট দলের নেতা গৌড়ি ও কল্যাণ জানান, জেলার বাইরের ব্যবসায়ীরা শুধু ভাল পাট কিনছে বলে তাদের পাট ক্রয় বন্ধ করে দিয়েছি। চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, উপজেলায় চলতি অর্থবছরে পাট নিয়ে বিপাকে পড়েছে কৃষক। উত্পাদিত পাটে লোকসানের আশংকা করছেন চাষীরা। এবছর উপজেলার ১১টি ইউনিয়নে ও একটি পৌর সভায় প্রায় ৬ হাজার ৫ হেক্টর জমিতে পাটের চারা বপন করেন কৃষকরা। দীর্ঘ পরিচর্চা শেষে বাম্পার ফলন পান কৃষক।