এমডিজিতে রোল মডেল হতে পারে বাংলাদেশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৮
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) প্রায় সবটুকু অর্জন করায় জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে রোল মডেল হিসেবে উপস্থাপিত হতে পারে বাংলাদেশ। আর এ কারণে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমডিজি শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী হবেন মূল বক্তা। তিনি সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সামনে বাংলাদেশের সাফল্যগাঁথা তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে গত শুক্রবার বিকালে নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। ড. মোমেন বলেন, প্রায় দেড় দশক আগে বিশ্ব নেতারা গোটা বিশ্বের জন্য যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, সময়সীমা পার হওয়ার আগেই তার অধিকাংশই অর্জনে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। তবে অনেক দেশই এখনো তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ। কোনো কোনো দেশের অর্জন প্রায় শূন্যের কোঠায়। ওইসব দেশের নেতারা শেখ হাসিনার কাছে শুনবেন বাংলাদেশের অর্জনের কথা। বিশেষ করে শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনা, প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন জটিল জটিল বিষয়ে এমডিজি অর্জনে বাংলাদেশ গোটা বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানালেন ড. এ কে আবদুল মোমেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে আগামীর করণীয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন শেখ হাসিনা। লক্ষ্যমাত্রা অর্জন করায় এমডিজি বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার থাকবে।