ওকসের জায়গা হারানোর শঙ্কা

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫০

স্পোর্টস ডেস্ক

সময় যত এগোচ্ছে, ইংল্যান্ডের বিশ্বকাপ দলে প্রতিযোগিতা ততই যেন বাড়ছে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা এখন পেসারদের মধ্যে। সবচেয়ে বেশি কথা হচ্ছে ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসার জোফরা আর্চারকে নিয়ে। আর সেটা এতটাই যে, দলে জায়গা হারানোর ভয়ে আছেন পেসার ক্রিস ওকস।

মাত্র কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ড জাতীয় ওয়ানডে দলে অভিষেক ঘটে বারবাডোজে জন্ম গ্রহণ করা আর্চারের। তবে ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে বোলিং করার সক্ষমতা তাকে ফেবারিট ইংল্যান্ডের ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে দিতে পারে। ফলে কপাল পুড়তে পারে ওকসের মতো কারোরই।

তিনি বলেন, ‘সম্ভবত নিরাপদ কোনো শব্দ নেই। তবে আপনাকে পারফর্ম করতে হবে-এটা সব সময় ভাবনায় থাকতে হবে এবং এ পর্যন্ত যা করেছি তাতে আমি সন্তুষ্ট। আপনি হয়তো আশা করছেন, আপনি নিরাপদ। তবে যতক্ষণ পর্যন্ত দল নির্বাচন না হবে ততক্ষণে কিছুই বলা যাবে না। আশা করছি দলে জায়গা পাব। দেখা যাক কী হয়।’

তবে আর্চারের আগমন ইংল্যান্ড দলকে শক্তিশালী করবে বলেও উল্লেখ করেন ওকস। তিনি বলেন, ‘আমি মনে করছি আর্চার আসায় এখন বোলারদের দলে জায়গা পাওয়ার ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে। আমি মনে করি এটা ভালো দিক। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, কাউকে না কাউকে বাদ পড়তে হবে।’

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। লন্ডন ওভালে প্রথম দিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। তার সাত দিন আগে মানে, ২৩ মে পর্যন্ত সময়ে দল পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি।