মহানগরীর সপুরায় গত শুক্রবার সন্ধ্যায় ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে যুবদলের নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় রাজশাহীর ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম এবং একই ওয়ার্ডের মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা রুমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার গোরস্তান মোড়ে ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু জাফর আলমগীর বাবুর নেতৃত্বে যুবদলের ৬/৭ নেতাকর্মী রবিউলের ওপর হামলা চালায়। তার চিত্কারে মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা রুমা খাতুন এগিয়ে আসলে যুবদলের নেতাকর্মীরা তাকেও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসি জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
