উত্তর প্রদেশে দাঙ্গার উসকানিদাতা বিজেপি নেতা গ্রেফতার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগরে ভূয়া ভিডিও ছড়িয়ে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর দায়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা সংগিত সোমকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার মিরাটে আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করা হয়। এছাড়া বহুজন সমাজ পার্টির নেতা নুর সালিম রানাকেও গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের প্রথমদিকে মুজাফফরনগরের ওই দাঙ্গায় প্রায় ৫০ জন নিহত ও ৪০ হাজার মানুষ গৃহহীন হয়। আত্মসমর্পণের আগে অভিযোগ অস্বীকার করে সোম বলেন, ‘আমি ভিডিওটি আপলোড করিনি। আমার অফিসের ছেলেরা এটি শেয়ার করেছে। জানার পাঁচ মিনিটের মধ্যেই আমি ভিডিওটি সরিয়ে নিয়েছি।’ বিতর্কিত ওই ভিডিওতে ভারতের দু’জন দলিত ছেলেকে খুন করা হয়েছে বলে দেখানো হয়। কিন্তু পুলিশ জানিয়েছে, এই ভিডিওটি দুই বছরের পুরনো ও পাকিস্তানে ধারণকৃত। এর আগে শুক্রবার সোমের সহকর্মী সুরেশ রানাকে দাঙ্গায় উস্কানি দেয়ার অপরাধে গ্রেফতার করা হয়। বিজেপির এসব নেতা ছাড়াও কংগ্রেস ও বিএসপি’র কয়েকজন নেতার বিরুদ্ধেও দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে পরোয়ান জারি করা হয়েছে। তবে বিজেপি ছাড়া অন্যান্য দলের অভিযুক্ত নেতাদের কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। শুধু নিজ দলীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সোমবার উত্তর প্রদেশজুড়ে বনেধর ডাক দিয়েছে বিজেপি।