নাইরোবির শপিংমলে বন্দুকযুদ্ধে নিহত ২০

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি অভিজাত শপিং মলে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় শনিবার দুপুরে নাইরোবির ওয়েস্টল্যান্ডস জেলার ওয়েস্টগেট বিপণীবিতানে এ ঘটনা ঘটে। এর আগে সোমালিয়ার জঙ্গি গ্রুপ আল-শাহাব হামলার হুমকি দিয়েছিল। তবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। কেনিয়া রেড ক্রসের প্রধান কর্মকর্তা আব্বাস গুলেট হামলায় হতাহতের এই সংখ্যা জানিয়েছেন। বিপণীবিতানের মধ্যে অনেকে দীর্ঘ সময় অবরুদ্ধ ছিলেন। সন্ত্রাসীরা পুলিশের সাথে বেপরোয়া বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, মুখোশ পরা হামলাকারীরা প্রথমে বিপণীবিতান ভবনে গ্রেনেড ছোড়ে। এ সময় ভবন থেকে অনেকে দৌঁড়ে বের হয়। অনেকে ভিতরে আটকা পড়ে। এক পর্যায়ে পুলিশ এসে ভবনে অবস্থানরতদের বেরিয়ে আসার অনুরোধ জানায়। পরে বন্দুকধারীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। পাঁচ জন সশস্ত্র ব্যক্তিকে বিপণীবিতানে এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। যুকেশ মান্নাশেহ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘তাদের সাধারণ অপরাধী বলে মনে হয়নি। এটা ডাকাতির ঘটনা নয়।’ হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে জানান তিনি। কয়জন হামলাকারী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা যাকে সামনে পেয়েছে তাকে মারার চেষ্টা করেছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানান।