ভেনিজুয়েলায় টয়লেট পেপারের সঙ্কট! সঙ্কট কাটাতে দেশটির সরকার ইতোমধ্যে একটি টয়লেট পেপার উত্পাদন কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ন্ত্রণ নেয়া ওই কারখানাটির উত্পাদন ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করবে জাতীয় নিরাপত্তা বাহিনী। এর আগে চলতি বছরের শুরুতে টয়লেট পেপার সঙ্কট কাটাতে কয়েক মিলিয়ন টয়লেট পেপার আমদানির নির্দেশ দেয় সরকার। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। গত সপ্তাহে সমস্যার সমাধানে একটি বিশেষ কমিটিও গঠন করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু এতেও কোনো সমাধান আসছিল না। পরে উত্তরাঞ্চলের রাজ্য আরাগুয়ায় অবস্থিত মানপা কারখানা সাময়িকভাবে দখলে নেয় সরকার। দেশটির ভাইস প্রেসিডন্ট জর্জ আরেজা জানান, সরকার প্রয়োজনীয় জিনিসপত্রের বিজ্ঞাপন প্রচার করতে দিবে না এবং উত্পাদন ও বন্টন ব্যবস্থায় কোনো অনিয়ম সহ্য করবে না। বাণিজ্যমন্ত্রী আলেক্সান্ডার ফ্লেমিং জানিয়েছেন, ভেনিজুয়েলার আইন মেনেই কারখানাটি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। -বিবিসি
