গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
জেলার গৌরনদীর রাশেদ হাওলাদার (২৫) আহত হওয়ার ১৭ দিন পর চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার গভীর রাতে মারা গেছেন। প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর তিনি ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি আল-হেলাল টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাশের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার গত ৫ সেপ্টেম্বর কলেজ শেষে টরকী বন্দর থেকে তাদের মুদি দোকানের জন্য মালামাল কিনে দুপুর ২টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় তিনি রায়পুট্রি পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সোহেল রানা ও তার সহযোগীরা হামলা চালিয়ে রাশেদকে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে ঢাকার মহাখালী আশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করার ১৭ দিন পর চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।