৮৩ বছর বয়সে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন মার্কিন ধনকুবের জর্জ সরোস। তার পত্নী হতে চলেছেন ৪২ বছর বয়সী স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ টামিকো বোলটন। এই উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অতিথিদের মধ্যে থাকছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এছাড়া কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও হাজির থাকছেন।
জম্পেশ এই আয়োজনে আত্মীয় ও প্রতিবেশী ছাড়াও ৫ শতাধিক বিশেষ অতিথিকে দাওয়াত দেয়া হয়েছে। বিয়ের পোশাক ডিজাইন করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ডিজাইনার রিমা আকরা। তার পোশাকেই অস্কারে রেড কার্পেটে হেঁটেছেন অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লোপেজের মতো তারকা। তৃতীয় বিয়ে নিয়ে যথেষ্ট উদ্বেলিত সরোস এবং বোলটন। দু’জনের বোঝাপড়ার ভিত্তিতেই এই বিয়ে হচ্ছে বলে জানিয়েছেন এই ধনকুবের। তিনি বলেছেন, আমরা আশা করছি বাকি জীবন সুখেই কাটাতে পারবো। ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, সরোসের সম্পদের পরিমাণ ২ হাজার কোটি মার্কিন ডলার। পাত্রী বোল্টনের এটি দ্বিতীয় বিয়ে।
