কারসাজি করে ক্ষমতায় থাকতেই সংবিধান সংশোধন :এরশাদ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
কারসাজি করে ক্ষমতায় থাকতেই সংবিধান সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেছেন, সংবিধান সংশোধন করে ক্ষমতায় থাকা যায় না। আমি সংবিধানে হাত দিইনি, সংবিধান স্থগিত করেছিলাম। গতকাল শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, নির্বাচন করতে ভয় পাচ্ছেন কেন? এমন কী করেছেন যে-পরাজয় হলে বাড়ি-ঘর জ্বলবে। রাজনৈতিক নেতারা শুধু ক্ষমতার লড়াই চালাচ্ছেন, তাদের একটাই চিন্তা-কীভাবে ক্ষমতায় যাওয়া যায়। এরশাদ বলেন, রাজনীতির অবস্থা খুব ভালো নয়, সংঘাতের আশঙ্কা আছে। মানুষ পরিবর্তন চায়। এজন্য আমি আবার রাষ্ট্রপতি হতেও পারি। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। কারণ দেশের মানুষ দুই দলের ওপর বিরক্ত। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জিয়াউদ্দিন বাবলু ও সমিতির সাধারণ সম্পাদক ডা. আবু ইউসূফ খান প্রমুখ।