রাজধানীর হাজারীবাগে গতকাল শনিবার শিবির কর্মীদের ছোঁড়া ককটেল বিসেফারণে এসআইসহ দুই পুুলিশ কনস্টেবল আহত হয়েছে।পরে পুলিশ শিবির কর্মীদের উপর চড়াও হলে পুলিশের গুলিতে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে ৪৬টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ। হাজারীবাগ থানার এসআই জানান, হাজারীবাগের চরকঘাটা এলাকার একটি বাড়িতে শিবির কর্মীরা বোমা তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালায়। এসময় শিবির কর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে হাজারীবাগ থানার এসআই আব্দুর রহিমসহ ২ কনস্টেবল আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে আব্দুল মালেক নামের এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। এসময় শিবিরের অন্য কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ আহত অবস্থায় আব্দুল মালেককে আটক করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে। বর্তমানে সে পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এদিকে বোমা বিস্ফোরণে আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
