সৌরভের ফেবারিট পাকিস্তান

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫১

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের সর্বশেষ বড় আসরের ট্রফি জয়ী দল পাকিস্তান। অথচ অধিকাংশ ক্রিকেট বোদ্ধার বিবেচনাতেই এবার বিশ্বকাপের ফেবারিটের তালিকায় নেই পাকিস্তান। কারণ সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স যাচ্ছেতাই। গতকালকের আগ অবধি সর্বশেষ আটটি ওয়ানডের সবগুলোই হেরেছে পাকিস্তান।

যদিও, এতকিছুর পরও পাকিস্তানকে বিশ্বকাপে ফেবারিট হিসেবে দেখছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে ইংল্যান্ডের মাটিতে বিশেষ করে আইসিসি ইভেন্টে কীর্তিময় রেকর্ড থাকায় আসন্ন বিশ্বকাপে ফেবারিটদের একটি পাকিস্তান। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এই আসরে পাকিস্তান ছাড়াও ফেবারিট হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ডের কথাও বললেন গাঙ্গুলি। আগামী ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। শেষ হবে ১৪ জুলাই। ৩১ মে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্ব টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ড সব সময়ই পাকিস্তানের জন্য পয়মন্ত ভেন্যু। গেল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সৌরভ বলেন, ‘বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান দলের রেকর্ড বেশ ইতিবাচক। দুই বছর আগে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এর আগে ইংল্যান্ডে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।’

এ ছাড়া ইংল্যান্ডে চলমান ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের ব্যাটিং পারফরমেন্সও উল্লেখ করেন। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের করা ৩৭৪ রানের বিপক্ষে পাকিস্তান মাত্র ১২ রানে হেরেছে। তৃতীয় ম্যাচেও পাকিস্তান আগে ব্যাটিং করে ৩৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ৬ উইকেটে পরাজিত হয়। তিনি বলেন, ‘ইংল্যান্ডে পাকিস্তান সব সময়ই ভাল খেলে। ইংল্যান্ডে পাকিস্তানের শেষ দুই ম্যাচ দেখেন হারলেও অনেক বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। ভাল বোলিং লাইন আপের কারণে ইংল্যান্ডের মাটিতেই টেস্টে তারা ইংল্যান্ডকে হারিয়েছে।’

তবে, পাকিস্তানকে নিয়ে ভারতীয় দলের দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না গাঙ্গুলি। তিনি বলেন, ‘বিরাট কোহলির দলকে পাকিস্তানের বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ভারতকে প্রমাণ করতে হবে তারা শক্ত প্রতিপক্ষ।

ভারতীয় দলের ব্যাপারে অবশ্য বেশ ইতিবাচক মন্তব্যই করেছেন সেরভ। তিনি বলেন, ‘আমি রেকর্ডে বিশ্বাসী নই। নির্দিষ্ট দিনে উভয় দলকেই ভাল খেলতে হবে। ভারত খুবই একটি ভাল দল হবে। তাদেরকে হারানোটা কঠিন হবে। কোহলি, রোহিত, শিখর ধাওয়ানের মত খেলোয়াড় নিয়ে গঠিত দল খারাপ হতে পারে না।’

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বার বার ব্যর্থতায় কোহলির নেতৃত্বগুণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে সৌরভ এসবকে মাথায়ই নিচ্ছেন না। বললেন, ‘এটা ভিন্ন একটা বলের খেলা। ওয়ানডে অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড বেশ ভাল। তাই আইপিএল অধিনায়কত্ব বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। অন্যতম ফেবারিট হিসেবে শুরু করায় ভারতীয় দল প্রচণ্ড চাপে থাকবে। এটা কোহলি ও তার দলের কাছ থেকে সেরাটা বের করে আনবে।’

১৯৯২ সালের পর এবারই প্রথমবারের মত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। এজন্য খেলাগুলো অনেকবেশি জমজমাট হবে বলে মত দিলেন সৌরভ। তিনি বলেন, ‘এটা হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা বিশ্বকাপ। কেননা এখানে দশটি দলই একে অপরের বিপক্ষে খেলবে এবং চারটি দল সেমিফাইনালে উঠবে। সব দলই শক্তিশালী এবং বুঝতে পারছেন ইংল্যান্ড, পাকিস্তান এমনকি ওয়েস্ট ইন্ডিজ- সবাই জিততে পারে।’

আগামী ২২ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারত। ভারতের বিশ্বকাপ মিশন অবশ্য একটু পরে শুরু হবে। আগামী পাঁচ জুন ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।