স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান আরামবাগের খেলা প্রাকৃতিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল সন্ধ্যায় ইফতারের পর ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান আরামবাগ খেলায় শুরু হওয়ার তিন মিনিট পরই আচমকা ঝড় শুরু হয়। ঘূর্ণিঝড়ে রেফারি খেলোয়াড়রা দৌড়ে মাঠ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পুনরায় খেল আর মাঠে গড়ায়নি। ‘আবহাওয়া অনুকূলে না থাকায় খেলা স্থগিত করা হয়েছে। তিন মিনিট ১৭ সেকেন্ড পর থেকে বাকি সময়টার খেলা আজ হবে বলে জানিয়েছেন মোহামেডান ও আরামবাগের খেলার ম্যাচ কমিশনার ইব্রাহিম নেসার।
একেবারে বিনা মেঘে বজ্রপাত হয়েছে। মোহামেডান আরামবাগ ফুটবলাররা মাত্রই মাঠে নেমেছেন। তখনো বুঝার উপায় ছিল না আবহাওয়া আচমকা বদলে যেতে পারে। ঘূর্ণিঝড়ের মতো হঠাত্ ঝড়ো বাতাস শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে ঝড় যেন সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছিল। খেলোয়াড় কোচ কর্মকর্তা রেফারি সব মাঠ ছেড়ে যে যেখানে সম্ভব দৌড়ে মাঠ ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন।
ডাগ আউটে বেঞ্চে বসা ফুটবলার আসন ছেড়ে দৌড়ালেন ভিআইপির গ্যালারির দিকে। ড্রেসিং রুমে গিয়ে যখন ঢুকছিলেন তখন ডাগ আউটের সেড বাতাসের চাপে গড়িয়ে গড়িয়ে কোনোটা মাঠের ভেতরে কোনোটা গ্যালারির ফেন্সিংয়ে গিয়ে আঘাত করে। মাঠের সাইডে যেসব বিজ্ঞাপন বোর্ড ছিল সেগুলো বাতাসে উড়ে গিয়ে দূর দুরান্তে পড়েছে। স্কোর বোর্ডে লেখা ঝুলানো মোহামেডান আরামবাগের বোর্ড বাতাসে উড়ে গ্যালারিতে চলে যায়।
ঢাকার ফুটবলে এমন ছবি কমই দেখা যায়। খেলা শুরু হওয়ার পর বৃষ্টি আসার ঘটনা হাজারও রয়েছে। কিন্তু এভাবে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কাল এমন পরিস্থিতি হয়েছিল জীবন ছিল হুমকির মুখে। আকাশে বজ্রপাত দেখে চমকে গেছেন খেলোয়াড়রা। ইফতার সেরে ফুটবল পাগল কিছু দর্শক কাল গ্যালারিতে বসেছিলেন এমন সময় বজ্রপাতসহ বৃষ্টির হানায় তারা দ্রুত নিরাপদ স্থানে চলে যায়।
এমন ভয়ঙ্কর ঝড়ের আঘাতে খেলা পুনরায় আয়োজন করার কোনো সুযোগ নেই। ম্যাচ রেফারি জানিয়েছেন এধরনের আবহাওয়ায় খেলা মাঠে গড়ানো ঝুঁকি হয়ে যায়। তাই খেলা স্থগিত করতে হয়েছে।
