ফুটবলকে বিদায় জানাবেন ক্যাসিয়াস

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫২

স্পোর্টস ডেস্ক

পোর্তো গোলরক্ষক ইকার ক্যাসিয়াস হূদরোগ থেকে সেরে উঠলেও ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার ব্যাপারে পরিকল্পনা করছেন। চলতি মৌসুম শেষে ক্যারিয়ারের সমাপ্তি টানতে চান ৩৭ বছরের এই বিশ্বকাপ জয়ী খেলোয়াড়।

ক্যাসিয়াসের ব্যাপারে এ তথ্য জানায় পর্তুগালের ‘ও জোগো’। রিয়াল মাদ্রিদের হয়ে ৭২৫ ম্যাচ খেলা ক্যাসিয়াস এ মাসের শুরুতে পোর্তোর সাথে অনুশীলনের সময় হূদরোগে আক্রান্ত হন। এর পাঁচদিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

স্পেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার সে সময় উল্লেখ করেছিলেন আবার ফুটবলে ফিরবেন কিনা সেটা সময় নিয়ে জানাবেন। তিনি বলেছিলেন, ‘আমাকে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস অপেক্ষা করে দেখতে হবে। আমি জানি না ভবিষ্যতে কি ঘটবে। তারচেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে উপস্থিত হতে পারা এবং শান্তভাবে কথা বলতে পারা।’

চলতি মৌসুমে ক্যাসিয়াসের পর্তুগীজ ক্লাব পোর্তো এখনো লিগ শিরোপার জন্য লড়ছে। প্রতিদ্বন্দ্বী বেনফিকার চাইতে এখনো তারা দুই পয়েন্ট পেছনে। খেলা আছে একটি করে। ক্যাসিয়াস চান ক্লাবের শেষ দুটি খেলার পর ২৫ মে অবসর সম্পর্কিত ঘোষণা দেবেন। পোর্তোর অপর খেলাটি হলো পর্তুগীজ কাপের।

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা এই গোলরক্ষক ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোয় যোগ দেন। গত দুই মৌসুমে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের পেছনেও অবদান আছে তার। গত মৌসুমে পোর্তোর হয়ে লিগ শিরোপাও জিতেছেন তিনি। এ বছরের মার্চেই তিনি ক্লাবটির সাথে নতুন করে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন।