এক নজরে আমাদের জেলা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৮
আঁচলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমতখালী বয়ে চলে মৃদু এঁকে বেঁকে। নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাসভূমি প্রিয় লক্ষ্মীপুর। কবির কবিতার মাত্র চারটি চরনে ফুঁটে উঠেছে আমাদের প্রিয় জেলা লক্ষ্মীপুরের প্রকৃত চিত্রখানি। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ভিন্ন এক নাম আর গুনের জেলা আমাদের প্রিয় জেলা লক্ষ্মীপুর। ১৮৬০ সালে বাংলার দক্ষিণ প্রান্তের মেঘনা উপকূল লক্ষ্মীপুর থানার গোড়া পত্তন হয়। পরবর্তীতে ১৬ জুলাই ১৯৭১ সালে লক্ষ্মীপুর, রায়পুর, রামগতি ও রামগঞ্জ থানা নিয়ে লক্ষ্মীপুর মহকুমার জন্মলাভ করে। ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে লক্ষ্মীপুর মহকুমারকে লক্ষ্মীপুর জেলায় উন্নীত করা হয় এবং পূর্ববর্তী ৪টি থানাকে উপজেলায় উন্নীত করা হয়। পরবর্তীতে ২০০৬ সালে রামগতি উপজেলার উত্তরাঞ্চলের ৪টি ইউনিয়নকে নিয়ে কমলনগর উপজেলার আনুষ্ঠানিক যাত্রা লাভ করে। বর্তমানে বাংলাদেশের বৃহত্ উপজেলা লক্ষ্মীপুর সদরের পূর্বাঞ্চলে আরো একটি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এ জেলায় ৫টি থানা ৪টি পৌরসভা ৫৮টি ইউনিয়ন আর ৫১৪টি গ্রাম আর ৪৭৪টি মৌজা রয়েছে।